বরিশাল সিটি কর্পোরেশনের ২৪ নম্বর ওয়ার্ডের রূপাতলী গ্যাস টারবাইন এলাকায় ফজরের নামাজের সময় এক দুঃসাহসিক চুরির চেষ্টার ঘটনা ঘটেছে। স্থানীয় বাসিন্দাদের সতর্কতায় চুরির প্রস্তুতিকালে হাতেনাতে আটক হয় মোহাম্মদ ফয়সাল আহমেদ (৩০) নামে এক ব্যক্তি।
মঙ্গলবার (৯ জুন) ভোররাতে এ ঘটনা ঘটে। আটক ফয়সাল ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার মুসল্লিরা প্রতিদিনের মতো ফজরের নামাজ আদায় করতে মসজিদে গেলে চারপাশ কিছুটা নির্জন হয়ে পড়ে। এ সুযোগে ফয়সাল একটি বাসায় চুপিসারে প্রবেশ করে চুরির চেষ্টা চালায়। তবে ঘরের ভেতরে থাকা সদস্যরা অপরিচিত ব্যক্তির উপস্থিতি টের পেয়ে সতর্ক হয়ে যান।
একপর্যায়ে ফয়সাল ঘরের মালামাল গোছানোর চেষ্টা করলে পরিবারের সদস্যরা তাকে ঘিরে ফেলেন। তাদের চিৎকারে আশপাশের প্রতিবেশীরা ছুটে এসে তাকে পালানোর আগেই হাতেনাতে আটক করেন।
স্থানীয় এক বাসিন্দা বলেন, “নামাজের সময়টাতেই সাধারণত চোরচক্র সুযোগ খোঁজে। আজও সে একই পরিকল্পনা করেছিল। কিন্তু ঘরের লোকজন সতর্ক থাকায় তার পরিকল্পনা সফল হয়নি।”
আটকের পর ক্ষুব্ধ জনতা তাকে আটকে রেখে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও পুলিশকে খবর দেয়। সর্বশেষ প্রাপ্ত তথ্যে জানা গেছে, আটক ব্যক্তিকে পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছিল।
এ ঘটনার পর এলাকাবাসীর মধ্যে চুরি-ছিনতাই নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়রা নিরাপত্তা জোরদার এবং আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত টহল বৃদ্ধির দাবি জানিয়েছেন। পাশাপাশি বাসাবাড়ির নিরাপত্তা নিশ্চিত করতে সকলকে আরও সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
মোঃ ফাইজুল ইসলাম রাজু 




















