টানা বৃষ্টি, জলাবদ্ধতার মধ্যেও এইচএসসি পরীক্ষা গ্রহণ, প্রশ্নপত্র কঠিন হওয়া এবং পরীক্ষা ব্যবস্থাপনা নিয়ে অসন্তোষ প্রকাশ করে বরিশালে সড়ক অবরোধ করেছেন একদল এইচএসসি পরীক্ষার্থী। বিক্ষোভ চলাকালে তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং বর্তমান পরীক্ষা পদ্ধতির পরিবর্তনের দাবি জানান।
মঙ্গলবার (১৪ জুলাই) বেলা সোয়া ১২টার দিকে বরিশাল শিক্ষা বোর্ডের সামনে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেন নগরের বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। যানবাহন চলাচল ব্যাহত হওয়ায় সাধারণ যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত দুপুর দেড়টা পর্যন্ত অবরোধ কর্মসূচি চলছিল।
বিক্ষোভে অংশ নেওয়া হাতেম আলী কলেজের শিক্ষার্থী আলিফ বলেন, বৈরী আবহাওয়ার মধ্যেও সোমবার এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, যা শিক্ষার্থীদের জন্য অত্যন্ত কষ্টকর ছিল। তিনি অভিযোগ করেন, কঠিন বিষয়গুলোর পরীক্ষার আগে পর্যাপ্ত বিরতি রাখা হয়নি। পাশাপাশি চলতি বছরের প্রশ্নপত্র আগের বছরের তুলনায় বেশি কঠিন ছিল এবং কিছু প্রশ্ন সিলেবাসের বাইরের ছিল বলেও দাবি করেন।
তিনি আরও অভিযোগ করেন, অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হলেও একটি শিক্ষা বোর্ডে পরীক্ষা স্থগিত করা হলেও অন্য বোর্ডগুলোতে একই পরীক্ষা নেওয়া হয়েছে, যা শিক্ষার্থীদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ। এছাড়া শিক্ষার্থীদের দাবি-দাওয়ার বিষয়ে ইতিবাচক পদক্ষেপ নেওয়ার পরিবর্তে শিক্ষামন্ত্রী তাদের নিয়ে কটূক্তি করেছেন বলেও অভিযোগ করেন তিনি।
বিক্ষোভকারী শিক্ষার্থীরা বলেন, পরীক্ষা পদ্ধতিতে সংস্কার, পরীক্ষার সময়সূচি পুনর্বিবেচনা এবং শিক্ষার্থীবান্ধব সিদ্ধান্ত গ্রহণের পাশাপাশি শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে তাদের এই কর্মসূচি।
অবরোধের কারণে ঢাকা-বরিশাল মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত থেকে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা চালিয়ে যান।
এইচ এম রুহুল আমিন 









