বরিশালের হিজলা উপজেলায় সড়কে হঠাৎ কুকুর সামনে চলে আসায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মিরাজ হাওলাদার (২৫) নামে এক যুবকের করুণ মৃত্যু হয়েছে।
শুক্রবার (৩১ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার গুয়াবাড়িয়া ডিস্ট্রিক্ট বোর্ড সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহত মিরাজ হাওলাদার হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. ফরিদ হাওলাদারের ছেলে। তিনি কাউরিয়া বাজারে তাঁর ভগ্নিপতি তারা মিয়ার ব্যবসা প্রতিষ্ঠান দেখাশোনা করতেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে মিরাজ বাড়ি থেকে মোটরসাইকেলযোগে কাউরিয়া বাজারের উদ্দেশ্যে রওনা হন। পথে গুয়াবাড়িয়া ডিস্ট্রিক্ট বোর্ড সড়কে পৌঁছালে হঠাৎ একটি কুকুর তাঁর মোটরসাইকেলের সামনে চলে আসে। কুকুরটিকে বাঁচাতে গিয়ে তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং সড়কের পাশে থাকা একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খান। এতে তিনি গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে শেবাচিম হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান জানান, “সড়ক দুর্ঘটনায় আহত ওই যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।”
মোঃ রাহাত শিকদার 








