বাকেরগঞ্জ উপজেলায় ট্রাক থামিয়ে চালকদের কাছ থেকে প্রতি ট্রাকে ২০০ টাকা করে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিজেদের ‘বাকেরগঞ্জ থানা ট্রাক শ্রমিক ইউনিয়ন’ পরিচয়দানকারী একটি সংগঠনের বিরুদ্ধে অভিযোগ করেছেন একাধিক ট্রাকচালক। অভিযোগের পর বিষয়টি স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।
ভুক্তভোগী কয়েকজন ট্রাকচালকের অভিযোগ, সম্প্রতি গড়ে ওঠা ওই সংগঠনের পরিচয়ে কিছু ব্যক্তি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ট্রাক থামিয়ে প্রতি ট্রাক থেকে ২০০ টাকা করে আদায় করছেন। শুধু তাই নয়, বাকেরগঞ্জের বিভিন্ন ট্রান্সপোর্ট থেকে পণ্যবোঝাই ট্রাক ছাড়ার সময়ও একইভাবে অর্থ নেওয়া হচ্ছে বলে তারা দাবি করেন।
চালকদের ভাষ্য, নির্ধারিত অর্থ দিতে অস্বীকৃতি জানালে নানা ধরনের চাপ, হয়রানি ও প্রতিবন্ধকতার মুখে পড়তে হয়। তবে এ অভিযোগের বিষয়ে অভিযুক্ত সংগঠনের কোনো দায়িত্বশীল ব্যক্তির বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে উপজেলা শ্রমিক দলের নেতা রাজা খান বলেন, “বাকেরগঞ্জে এ ধরনের কোনো সংগঠন রয়েছে কি না, সে বিষয়ে আমার জানা নেই।”
বাকেরগঞ্জ পৌর শ্রমিক দলের সভাপতি খালেক হাওলাদার বলেন, “এ ধরনের একটি সংগঠনের নাম শুনেছি। তবে এটি কারা পরিচালনা করেন, সে বিষয়ে আমার কোনো ধারণা নেই।”
এদিকে স্থানীয়দের একাংশের দাবি, সংসদ সদস্য আবুল হোসেন খান এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা বারবার উল্লেখ করে আসছেন। এমন পরিস্থিতিতে প্রকাশ্যে ট্রাক থেকে চাঁদা আদায়ের অভিযোগ ওঠায় জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন বলেন, “এ ধরনের কোনো তথ্য এখন পর্যন্ত আমাদের কাছে আসেনি। তবে সুনির্দিষ্ট অভিযোগ বা তথ্য পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
মোঃ জুলহাস হোসেন 



















