বাকেরগঞ্জে জামায়াতে ইসলামীর রাজনীতি ত্যাগ করে চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন বলে দাবি করেছেন গারুড়িয়া ইউনিয়নের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ শাহীন শিকদার। তবে তাঁর জামায়াতের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার বিষয়টি অস্বীকার করেছে উপজেলা জামায়াতের মিডিয়া সেল।
স্থানীয় সূত্রে জানা গেছে, মোঃ শাহীন শিকদার দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন সামাজিক ও কল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত। ১০ নম্বর গারুড়িয়া ইউনিয়নকে আধুনিক ও জনকল্যাণমুখী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে তিনি বেশ কিছু পরিকল্পনা ও এজেন্ডা নিয়ে কাজ করছেন। তাঁর ঘোষিত লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে—ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা, দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত ইউনিয়ন গঠন, মাদকমুক্ত ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা এবং জবাবদিহিমূলক ও জনবান্ধব প্রশাসন প্রতিষ্ঠা।
এদিকে তাঁর রাজনৈতিক অবস্থান পরিবর্তন নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে। জানা গেছে, গত ৩১ অক্টোবর শনিবার ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদানের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন মোঃ শাহীন শিকদার। ইসলামী আন্দোলন বাংলাদেশ বাকেরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা মোঃ নাসির উদ্দিন রোকন ডাকুয়ার কাছে দলটির সদস্য ফরম পূরণ ও স্বাক্ষরের মাধ্যমে তিনি যোগদান করেন। এ সময় তাঁর সঙ্গে শতাধিক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন বলে জানা গেছে।
তবে এ বিষয়ে ভিন্ন বক্তব্য দিয়েছে বাকেরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর মিডিয়া সেল। এক প্রতিবাদ বার্তায় তারা দাবি করেছে, মোঃ শাহীন শিকদার নামে জামায়াতে ইসলামীর গারুড়িয়া ইউনিয়নে কোনো নেতা বা কর্মী নেই এবং অতীতেও তিনি দলটির সঙ্গে সম্পৃক্ত ছিলেন না।
এদিকে স্থানীয়দের ধারণা, শাহীন শিকদারের রাজনৈতিক অবস্থান এবং তাঁর ঘোষিত জনকল্যাণমূলক কর্মসূচি গারুড়িয়া ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনকে ঘিরে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি করতে পারে।
রাজনৈতিক পরিচয় নিয়ে দুই পক্ষের ভিন্ন বক্তব্যের মধ্যেই গারুড়িয়া ইউনিয়ন সহ পুরো বাকেরগঞ্জের রাজনীতিতে বিষয়টি নতুন আলোচনার জন্ম দিয়েছে।
মোঃ জহিরুল ইসলাম 








