১১ দলীয় নির্বাচনী ঐক্য ও বাউফল উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে বাউফলে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাউফলের ঐতিহাসিক পাবলিক মাঠে আয়োজিত এ জনসভায় বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।
জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর আমীর ও বিশিষ্ট জননেতা ডা. শফিকুর রহমান। তিনি তার বক্তব্যে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন ব্যবস্থা এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন।
ডা. শফিকুর রহমান বলেন, “একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করা বর্তমান সময়ের অন্যতম প্রধান দাবি। জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারে সকল গণতান্ত্রিক ও বিরোধী রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।” তিনি জাতীয় স্বার্থে রাজনৈতিক ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন।
জনসভায় ১১ দলীয় নির্বাচনী ঐক্যের শরিক বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। তারা বলেন, জাতীয় ঐক্যের মাধ্যমেই দেশের চলমান রাজনৈতিক ও সামাজিক সংকট থেকে উত্তরণ সম্ভব। জনগণের প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্র পরিচালনার পথ সুগম করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান তারা।
জনসভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ জনসভাটিকে প্রাণবন্ত করে তোলে। ঐতিহাসিক পাবলিক মাঠে বিপুল জনসমাগমের মাধ্যমে জনসভাটি তাৎপর্যপূর্ণ ও সফলভাবে সম্পন্ন হয়।
এইচ এম রুহুল আমিন 



















