বরিশালের চরকাউয়ায় বাস ও অটো মাহিন্দ্র শ্রমিকদের মধ্যে বিরোধকে কেন্দ্র করে লাহারহাট, নেহালগঞ্জ, কাটাদিয়া, ডিসি রোড, লক্ষ্মীপাশাসহ ছয়টি রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। গত ১ নভেম্বর সকাল থেকে শুরু হওয়া এ বিরোধের জেরে গত দুই দিন ধরে অচলাবস্থা চলছে সংশ্লিষ্ট রুটগুলোতে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাস শ্রমিকদের সঙ্গে চরকাউয়া অটো শ্রমিকদের বিরোধের একপর্যায়ে বাস শ্রমিকদের বিরুদ্ধে প্রায় ১০০টি অটোর মিটার ও তার ছিঁড়ে ফেলার অভিযোগ ওঠে। এর জেরে নেহালগঞ্জের অটো শ্রমিকরা দুটি বাস আটকে দেন এবং বাস শ্রমিকদের মারধর করেন বলে অভিযোগ রয়েছে।
বাস শ্রমিকদের অভিযোগ, অটো মাহিন্দ্রগুলো বাসের সমপরিমাণ ভাড়া নিয়ে একই রুটে যাত্রী পরিবহন করছে। ফলে বাসে যাত্রীসংখ্যা কমে যাচ্ছে এবং পরিবহন ব্যবসায় লোকসান হচ্ছে। পাশাপাশি অটোচালকদের অসতর্কতার কারণে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটছে বলে দাবি তাঁদের। এসব কারণে অটো চলাচল বন্ধের দাবিতে আন্দোলনে নেমেছেন বাস শ্রমিকরা।
অন্যদিকে, সাধারণ যাত্রীদের অনেকেই বাসের তুলনায় অটো মাহিন্দ্রে চলাচলে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন বলে জানিয়েছেন।
এদিকে, শ্রমিকদের বিরোধের কারণে সাধারণ যাত্রীদের অতিরিক্ত ভাড়া না গুনতে হলেও চরম যাতায়াত দুর্ভোগ পোহাতে হচ্ছে। বাস চলাচল বন্ধ রাখার পাশাপাশি বিভিন্ন স্থানে বাস রাস্তার বড় অংশজুড়ে আড়াআড়িভাবে দাঁড় করিয়ে রাখার অভিযোগ রয়েছে। এতে প্রতিটি রুটে যাত্রীদের গন্তব্যে পৌঁছাতে বারবার অটো পরিবর্তন করতে হচ্ছে।
পরিবহন শ্রমিকদের বিরোধে জিম্মি হয়ে পড়েছেন সাধারণ মানুষ। দ্রুত এ সমস্যার সমাধান করে ছয়টি রুটে স্বাভাবিক বাস চলাচল নিশ্চিত করার দাবি জানিয়েছেন ভুক্তভোগী যাত্রীরা।
মোঃ আরিফুর রহমান সোহাগ 
















