জাতীয় পর্যায়ের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ (বালক) এর বিভাগীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ ম্যাচে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে সেমিফাইনালে উঠেছে বরিশাল বিভাগের প্রতিনিধি দল বাকেরগঞ্জ উপজেলার মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
শনিবার অনুষ্ঠিত খেলায় রাজশাহী বিভাগকে ৩-১ গোলে পরাজিত করে চমৎকার এই জয় তুলে নেয় বরিশাল বিভাগের বাকেরগঞ্জ উপজেলার ৩ নং দাড়িয়াল ইউনিয়নের মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে ফুটবলাররা।
খেলার শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় বাকেরগঞ্জের ক্ষুদে খেলোয়াড়রা। দলগত সমন্বয়, দক্ষতা ও আত্মবিশ্বাসের পরিচয় দিয়ে তারা রাজশাহী বিভাগের শক্ত প্রতিপক্ষকে হারিয়ে সেমিফাইনালে জায়গা নিশ্চিত করে।
এ বিজয় শুধু মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নয়, বরং সমগ্র বরিশাল বিভাগের জন্য এক গৌরবময় অর্জন। ক্ষুদে ফুটবলারদের এই অসাধারণ সাফল্যে আনন্দ ও উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে বাকেরগঞ্জসহ পুরো বিভাগজুড়ে।
স্থানীয় ক্রীড়াপ্রেমী ও অভিভাবকরা আশা প্রকাশ করেছেন, সেমিফাইনালেও একই ধারাবাহিকতা বজায় রেখে জাতীয় পর্যায়ে বরিশাল বিভাগের জন্য আরও সাফল্য বয়ে আনবে মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী ফুটবলাররা।
মোঃ জহিরুল ইসলাম 


















