বাকেরগঞ্জ উপজেলা ভূমি অফিসে নামজারি করে দেওয়ার কথা বলে এক ভুক্তভোগীর কাছ থেকে ১৪ হাজার টাকা নেওয়ার অভিযোগের সত্যতা পাওয়ায় মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় ভুক্তভোগীর সম্পূর্ণ ১৪ হাজার টাকা উদ্ধার করে ফেরত দেওয়া হয় এবং অভিযুক্তকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে এক মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভ্র জ্যোতি বড়ালের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ৬ নম্বর ফরিদপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মঙ্গলসী গ্রামের বাসিন্দা মনোয়ারা বেগমের দুটি দলিলের নামজারি ও জমাখারিজ করে দেওয়ার কথা বলে প্রায় দেড় মাস আগে ১৪ হাজার টাকা নেন আবদুল করিম হাওলাদার ওরফে বাবুল। তিনি নুরুল ইসলাম হাওলাদারের ছেলে।
পরবর্তীতে এ বিষয়ে অভিযোগ পেয়ে তদন্তে এর সত্যতা পান সহকারী কমিশনার (ভূমি)। এরপর তাৎক্ষণিক মোবাইল কোর্ট পরিচালনা করে ভুক্তভোগীর টাকা উদ্ধার ও ফেরত দেওয়ার পাশাপাশি অভিযুক্তের বিরুদ্ধে অর্থদণ্ড আরোপ করা হয়।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভ্র জ্যোতি বড়াল জানান, ভূমি অফিসকে দালালমুক্ত করা এবং সাধারণ মানুষকে হয়রানিমুক্ত, স্বচ্ছ ও সহজ ভূমিসেবা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
উপজেলা প্রশাসনের এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। তাঁদের মতে, ভূমিসেবার নামে সাধারণ মানুষের কাছ থেকে অবৈধভাবে অর্থ আদায় ও হয়রানি বন্ধে এ ধরনের তাৎক্ষণিক ব্যবস্থা কার্যকর ভূমিকা রাখতে পারে।
মোঃ জুলহাস হোসেন 


















