রাজনৈতিক ও শিক্ষাঙ্গনের বিশিষ্ট ব্যক্তিত্ব, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সভাপতি, অবিভক্ত বরিশাল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি এবং সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী মরহুম অধ্যক্ষ মোহাম্মদ ইউনুস খানের ৩২তম মৃত্যুবার্ষিকী আজ ২২ নভেম্বর।
১৯৯৪ সালের ২২ নভেম্বর তিনি মৃত্যুবরণ করেন। দীর্ঘ ৩২ বছর পেরিয়ে গেলেও তাঁর রাজনৈতিক জীবন, শিক্ষা ও জনসেবামূলক কর্মকাণ্ডের স্মৃতি এখনো স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের স্মৃতিতে রয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষাজীবন শেষ করে তিনি বরিশাল সরকারি মহিলা কলেজে অধ্যাপনা শুরু করেন। পরবর্তীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপির রাজনীতিতে যুক্ত হন। রাজনৈতিক জীবনে তিনি অবিভক্ত বরিশাল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি এবং দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি বাকেরগঞ্জ থেকে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হন এবং শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মৃতিচারণে তাঁর সন্তান প্রকৌশলী মোঃ আরিফ খান বলেন, তাঁর বাবা ব্যক্তিগত সুখ-স্বাচ্ছন্দ্যের চেয়ে মানুষের কল্যাণ ও রাজনৈতিক আদর্শকে বেশি গুরুত্ব দিতেন। নির্লোভ জীবনযাপন, রাজনৈতিক ত্যাগ এবং মানুষের প্রতি ভালোবাসার কারণে তিনি আজও অনেকের স্মৃতিতে বেঁচে আছেন।
বাকেরগঞ্জবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে প্রকৌশলী মোঃ আরিফ খান বলেন, বাবার প্রতি মানুষের ভালোবাসা ও স্মৃতিচারণ তাঁকে অনুপ্রাণিত করে। শিগগিরই বাকেরগঞ্জবাসীর মাঝে ফিরে এসে বাবার আদর্শ ধারণ করে মানুষের পাশে থাকতে চান তিনি। পাশাপাশি বাবার অসমাপ্ত কাজ এবং বাকেরগঞ্জকে ঘিরে তাঁর দেখা স্বপ্ন বাস্তবায়নে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
এদিকে, মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাকেরগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে মরহুম অধ্যক্ষ মোহাম্মদ ইউনুস খানের কবর জিয়ারত ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মৃত্যুবার্ষিকীতে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।
মোঃ জহিরুল ইসলাম 



















