আর্জেন্টিনা ফুটবল দলের প্রতি অগাধ ভালোবাসা থেকে ব্যাংক ঋণ নিয়ে নিজের ভ্যানগাড়ি আর্জেন্টিনার পতাকার আদলে সাজিয়েছেন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের ভ্যানচালক সুমন গৌড় (৩৫)। শুধু তাই নয়, কিনেছেন আর্জেন্টিনার জার্সি, মিলিয়ে লুঙ্গি এবং এলাকায় টানিয়েছেন ১৬টি বড় আকারের আর্জেন্টিনার পতাকা।
ঈশ্বরগঞ্জ পৌর শহরের দত্তপাড়া সরকারি আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারী সুমন দীর্ঘদিন ধরেই আর্জেন্টিনার সমর্থক। ফুটবল বিশ্বকাপ এলেই তাঁর আবেগের বহিঃপ্রকাশ ঘটে ভিন্নভাবে। এ কারণে এলাকাবাসীর কাছে তিনি এখন ‘সুমন মেসি’ নামেই বেশি পরিচিত।
জানা গেছে, সম্প্রতি গ্রামীণ ব্যাংক থেকে ৫০ হাজার টাকা ঋণ নিয়ে তিনি প্রিয় দলের প্রচারণায় নেমেছেন। তবে তাঁর এমন কর্মকাণ্ডে বিব্রত পরিবারের সদস্যরা। স্ত্রী আরতি গৌড় জানান, অভাবের সংসারে ঋণের কিস্তি পরিশোধ করতেই হিমশিম খেতে হচ্ছে, তবুও ফুটবল নিয়ে স্বামীর উন্মাদনা কমছে না।
সুমন গৌড় বলেন, “আর্জেন্টিনা ও মেসি আমার আবেগ। দলকে ভালোবেসেই ঋণ করে এসব করেছি। আমার ভালো লাগে বলেই করি।”
স্থানীয়দের ভাষ্য, আর্জেন্টিনার প্রতি সুমনের ভালোবাসা প্রশংসনীয় হলেও সংসারের আর্থিক বাস্তবতা বিবেচনায় ঋণ করে এমন আয়োজন করা তাঁর জন্য ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত।
ইমরান হোসেন কামাল 




















