ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে গতকাল মঙ্গলবার ঢাকার ১৩টি সংসদীয় আসনে মোট ১৯ জন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী আজ বুধবার (২১ জানুয়ারি) ভোটের প্রতীক বরাদ্দ দেওয়া হবে। প্রতীক হাতে পাওয়ার পর আগামীকাল বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে প্রার্থীরা আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবেন।
রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে মঙ্গলবার সকাল থেকে বিকেল পাঁচটা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন গ্রহণ করা হয়। শেষ দিনে ঢাকার বিভিন্ন আসনের মোট ১৯ জন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করেন।
প্রার্থিতা প্রত্যাহারকারীদের মধ্যে বেশিরভাগই বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১০ দলের জোটভুক্ত প্রার্থী বলে জানা গেছে।
এদিকে, নির্বাচনকে ঘিরে এখন পর্যন্ত সামগ্রিক পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরী। মঙ্গলবার দুপুরে সেগুনবাগিচায় কমিশনারের কার্যালয়ে তিনি সাংবাদিকদের বলেন, প্রতীক বরাদ্দের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
তিনি আরও জানান, নির্বাচন কমিশনের নির্ধারিত তফসিল অনুযায়ী আজ বুধবার প্রতীক বরাদ্দ দেওয়া হবে এবং বৃহস্পতিবার থেকেই প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা মাঠে নেমে প্রচার-প্রচারণা শুরু করবেন।
প্রার্থিতা প্রত্যাহার শেষে প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে ঢাকার আসনগুলোতে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতার চিত্র আরও স্পষ্ট হয়ে উঠবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ডেস্ক রিপোর্টঃ 


















