নিরাপত্তা শঙ্কায় ভারতে খেলতে অস্বীকৃতি জানিয়ে ৪ জানুয়ারি আইসিসির কাছে বিশ্বকাপের ভেন্যু পরিবর্তনের অনুরোধ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে ২১ জানুয়ারি আইসিসি জানায়, বাংলাদেশকে ভারতেই খেলতে হবে। নিজেদের অবস্থানে অনড় থাকায় শেষ পর্যন্ত বাংলাদেশের জায়গায় বিশ্বকাপে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয়।
বাংলাদেশের এই বয়কট ভারতের ক্রীড়াঙ্গনে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান। প্রতিবেদনে বলা হয়, খেলাধুলায় রাজনৈতিক প্রভাব নিয়ে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) উদ্বিগ্ন, আর ভারত–বাংলাদেশ ক্রিকেট সম্পর্কের সাম্প্রতিক টানাপোড়েন ভারতের ২০৩৬ অলিম্পিক আয়োজনের স্বপ্নে ধাক্কা দিতে পারে।
প্রতিবেদনে দাবি করা হয়, আইসিসির সিদ্ধান্তে বিসিসিআইয়ের প্রভাব রয়েছে বলে ধারণা করা হচ্ছে। অতীতেও আর্থিক ও সম্প্রচার সুবিধার কারণে ভারতের পক্ষে সিদ্ধান্ত নেওয়ার নজির রয়েছে। আইসিসি চেয়ারম্যান জয় শাহ ও শীর্ষ কর্মকর্তাদের ভারতীয় রাজনৈতিক ও করপোরেট সংশ্লিষ্টতার কথাও প্রতিবেদনে উল্লেখ করা হয়।
এই বিতর্ক এমন সময়ে সামনে এলো, যখন ভারত ২০৩০ কমনওয়েলথ গেমস ও ২০৩৬ অলিম্পিক আয়োজনের জন্য জোরালো প্রচেষ্টা চালাচ্ছে। তবে আইওসি রাজনৈতিক হস্তক্ষেপের বিষয়ে কঠোর এবং অন্য দেশগুলোর বয়কটের আশঙ্কা থাকলে ভারতকে আয়োজক করা কঠিন হতে পারে বলে প্রতিবেদনে সতর্ক করা হয়েছে।
গার্ডিয়ানের মতে, ভারতকে অলিম্পিক আয়োজনের বিশ্বাসযোগ্য প্রার্থী হতে হলে বাংলাদেশ ও পাকিস্তানের সঙ্গে ক্রীড়া সম্পর্ক উন্নয়নের স্পষ্ট বার্তা দিতে হবে।
ডেস্ক রিপোর্টঃ 




















