বাকেরগঞ্জে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন এবং রাজনৈতিকভাবে ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে নিজের বিরুদ্ধে অডিও-ভিডিও প্রচারের অভিযোগ করেছেন বাকেরগঞ্জ পৌর বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক মোসাঃ ফারজানা বেগম। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।
রোববার (১৪ সেপ্টেম্বর) আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ করেন ফারজানা বেগম।
লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ১০ সেপ্টেম্বর দুপুর আনুমানিক সাড়ে ৩টার দিকে জনৈক নিলয় পারভেজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে তার বিরুদ্ধে একটি অডিও ও ভিডিও প্রকাশ করা হয়। ওই অডিও-ভিডিওর সঙ্গে তার কোনো সম্পর্ক নেই বলে দাবি করেন তিনি।
ফারজানা বেগমের অভিযোগ, প্রকাশিত ভিডিওতে যে অডিও ক্লিপ প্রচার করা হয়েছে, সেটিকে রঙ্গশ্রী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বোয়ালিয়া গ্রামের মৃত বারেক হাওলাদারের ছেলে নুরুল ইসলাম নুহুর সঙ্গে তার কথোপকথন হিসেবে উপস্থাপন করা হয়েছে। তবে ওই অডিও তার নয় বলেও দাবি করেন তিনি। একই সঙ্গে কয়েক সেকেন্ডের একটি ভিডিওকে ভিন্নভাবে উপস্থাপন করে প্রচার করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনে ফারজানা বেগম আরও দাবি করেন, ঘটনার দিন তিনি নিজ শয়নকক্ষে মেয়েকে নিয়ে ঘুমিয়ে ছিলেন। এ সময় নুরুল ইসলাম নুহ তার বসতঘরে প্রবেশ করে ওই ভিডিও ধারণ করেন বলে অভিযোগ করেন তিনি। তার স্বামী খোকন হাওলাদারের সঙ্গে নুরুল ইসলাম নুহুর পরিচয় ও ব্যবসায়িক সম্পর্ক থাকায় তিনি বিভিন্ন সময় তাদের বাসায় আসতেন বলেও জানান ফারজানা।
তিনি আরও অভিযোগ করেন, প্রায় এক মাস আগে নুরুল ইসলাম নুহ তার ব্যবহৃত মোবাইল ফোনে তাকে আপত্তিকর প্রস্তাব দেন। তিনি ওই ধরনের কথা বলতে নিষেধ করে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন। পরবর্তীতে একদিন সন্ধ্যায় সন্তানদের নিয়ে বাসস্ট্যান্ডসংলগ্ন একটি রেস্টুরেন্টে নাশতা করতে গেলে সেখানেও নুরুল ইসলাম নুহ তাকে পুনরায় আপত্তিকর প্রস্তাব দেন বলে অভিযোগ করেন তিনি। এ সময় রেস্টুরেন্টের মালিকসহ সেখানে উপস্থিত একাধিক ব্যক্তি বিষয়টি প্রত্যক্ষ করেন বলেও দাবি করেন ফারজানা।
ফারজানা বেগমের দাবি, এসব ঘটনার পর থেকেই নুরুল ইসলাম নুহ তার ওপর ক্ষুব্ধ হয়ে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে বিভিন্ন ধরনের অপপ্রচার চালিয়ে আসছেন।
তিনি জানান, আসন্ন বাকেরগঞ্জ পৌরসভার সংরক্ষিত ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের নারী কাউন্সিলর পদে নির্বাচনে অংশ নেওয়ার পরিকল্পনা রয়েছে তার। রাজনৈতিক ও সামাজিকভাবে তার ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে এসব অডিও-ভিডিও প্রচার করা হচ্ছে বলে তিনি মনে করেন।
প্রকাশিত অডিও-ভিডিওর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে ফারজানা বেগম প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে বিষয়টি তদন্ত করে অডিও-ভিডিওগুলোর সত্যতা যাচাইয়ের দাবি জানান। একই সঙ্গে তার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালানো হয়ে থাকলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের উদ্দেশে ফারজানা বেগম বলেন, কোনো পক্ষের বক্তব্য যাচাই না করে শুধু প্রচারিত অডিও-ভিডিওর ভিত্তিতে সংবাদ প্রকাশ না করে প্রকৃত ঘটনা অনুসন্ধানের মাধ্যমে সত্য তুলে ধরার জন্য তিনি গণমাধ্যমকর্মীদের প্রতি অনুরোধ জানান।
তবে ফারজানা বেগমের এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত নুরুল ইসলাম নুহ বা নিলয় পারভেজের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে সংযোজন করা হবে।
মোঃ রাশেদুল ইসলাম 


















