ভারতের রাজধানী দিল্লিতে ১৬ বছর বয়সী এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে। হত্যার পর মরদেহটি একটি নির্জন খোলা মাঠে ফেলে রেখে পালিয়ে যায় অভিযুক্তরা। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনের বরাত দিয়ে জানা গেছে, উত্তর-পশ্চিম দিল্লির স্বরূপ নগর এলাকার একটি নির্জন খোলা মাঠ থেকে ওই কিশোরীর পচন ধরা মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দারা মাঠে পড়ে থাকা মরদেহের বিভিন্ন অংশ কুকুরে খুবলে খেতে দেখে বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
পুলিশের প্রাথমিক তদন্ত ও অনুসন্ধানের পর এ ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে গ্রেফতার করা হয়েছে। তবে হত্যাকাণ্ডের সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখতে তদন্ত ও জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে।
ঘটনাটির প্রকৃত কারণ, হত্যার পেছনের পরিস্থিতি এবং অভিযুক্তদের ভূমিকা সম্পর্কে ময়নাতদন্ত ও তদন্তের পর আরও তথ্য জানা যেতে পারে।
সূত্র: এনডিটিভি
মোঃ জুলহাস হোসেন 


















