আগামী ২০২৭-২০২৮ সেশনের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল জেলা শাখার নতুন আমীর নির্বাচিত হয়েছেন ড. এস. এম. মাহফুজুর রহমান। বুধবার (৪ নভেম্বর) জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভায় আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
জানা গেছে, জামায়াতের গঠনতন্ত্র অনুযায়ী প্রতি দুই বছর পরপর জেলা ও মহানগরী আমীর নির্বাচন অনুষ্ঠিত হয়। এ ধারাবাহিকতায় আগামী ২০২৭-২০২৮ সেশনের জন্য গত ১ অক্টোবর থেকে ৩১ অক্টোবর ২০২৬ পর্যন্ত সারাদেশে জেলা ও মহানগরী আমীর নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়।
এর আগে গত ৩ অক্টোবর বরিশালে অনুষ্ঠিত জেলা জামায়াতের দ্বি-বার্ষিক সদস্য (রুকন) সম্মেলনে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের পাঠানো ব্যালট পেপারের মাধ্যমে পুরুষ ও মহিলা রুকনরা ভোট প্রদান করেন।
নবনির্বাচিত আমীর ড. এস. এম. মাহফুজুর রহমানের গ্রামের বাড়ি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দাড়িয়াল ইউনিয়নে। তিনি বর্তমানে উজিরপুর উপজেলার গুঠিয়া আইডিয়াল ডিগ্রি কলেজে অধ্যাপনা পেশায় নিয়োজিত রয়েছেন।
দীর্ঘ সাংগঠনিক অভিজ্ঞতাসম্পন্ন মাহফুজুর রহমান ২০০০ সালে বরিশাল পূর্ব জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য হিসেবে দায়িত্ব পালন শুরু করেন। পরবর্তী সময়ে জেলা অফিস সেক্রেটারি ও সহকারী সেক্রেটারিসহ বিভিন্ন দায়িত্ব পালন করেন। ২০১০ সালে জেলা সেক্রেটারি হিসেবে দায়িত্ব পান এবং ২০২২ সাল পর্যন্ত এ পদে বহাল ছিলেন।
২০২৩-২০২৪ সেশন থেকে কেন্দ্রীয় সিদ্ধান্তে বরিশাল পূর্ব ও পশ্চিম সাংগঠনিক জেলা একীভূত করে বরিশাল জেলা জামায়াত গঠন করা হয়। এরপর ২০২৩-২০২৪ ও ২০২৫-২০২৬ সেশনে তিনি জেলা জামায়াতের নায়েবে আমীর হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি ২০১৯-২০২০, ২০২১-২০২২ এবং ২০২৬-২০২৮ সেশনে জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরার নির্বাচিত সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
ছাত্রজীবনে তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা মহানগরী দক্ষিণ শাখায় বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়ে ১৯৯৯ সালের ১ জানুয়ারি বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেন।
শিক্ষাজীবনে তিনি রাজধানীর সরকারি কবি নজরুল কলেজের ইসলাম শিক্ষা বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগ থেকে ২০০৮ সালে এমফিল এবং ২০১২ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
অন্যদিকে, বরিশাল জেলা জামায়াতের সদ্য বিদায়ী আমীর মাওলানা মোহাম্মদ আবদুল জব্বারকে কেন্দ্রীয় সংগঠনের জনশক্তি হিসেবে ঘোষণা করা হয়েছে। তিনি ২০২৩-২০২৪ ও ২০২৫-২০২৬ সেশনে বরিশাল জেলা আমীর এবং ২০১০ থেকে ২০২২ সাল পর্যন্ত বরিশাল পূর্ব জেলা আমীর হিসেবে দায়িত্ব পালন করেন।
নতুন নেতৃত্ব নির্বাচনের মধ্য দিয়ে বরিশাল জেলা জামায়াতের ২০২৭-২০২৮ সেশনের সাংগঠনিক কার্যক্রমের নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে।
মোঃ জুলহাস হোসেন 


















