বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী বাজারে স্কুলপড়ুয়া ছাত্রীদের উত্ত্যক্ত করা এবং মোবাইল ফোনে আপত্তিকর ভিডিও প্রদর্শনের অভিযোগ উঠেছে রনজিৎ ঢালি নামের এক যুবকের বিরুদ্ধে। তিনি উপজেলার কলসকাঠী ইউনিয়নের দুর্গাপুর গ্রামের বাসিন্দা।
প্রাপ্ত ভিডিওতে দেখা যায়, কলসকাঠী বাজারের কমিউনিটি ক্লিনিকের বিপরীতে অবস্থিত একটি ফুচকা ও চটপটির দোকানে কয়েকজন স্কুলছাত্রী খাবার খেতে গেলে অভিযুক্ত যুবক তাঁদের উদ্দেশে অশোভন আচরণ করেন। একপর্যায়ে নিজের মোবাইল ফোনে অশ্লীল অঙ্গভঙ্গিসংবলিত ভিডিও প্রদর্শন করে ছাত্রীদের বিব্রত ও উত্ত্যক্ত করেন বলে অভিযোগ উঠেছে।
শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে এ ধরনের আচরণের অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। বিশেষ করে বাজারের মতো জনসমাগমপূর্ণ এলাকায় কিশোরী শিক্ষার্থীদের নিরাপত্তা, সম্মান ও স্বাভাবিক চলাচলের পরিবেশ নিশ্চিত করা জরুরি।
স্থানীয় সচেতন মহলের মতে, এ ধরনের অভিযোগকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ঘটনার নিরপেক্ষ তদন্ত করা প্রয়োজন। অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রচলিত আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা উচিত।
তাঁরা আরও মনে করেন, কোনো ব্যক্তির ধর্মীয় বা সামাজিক পরিচয় নয়, বরং অভিযোগের গুরুত্ব ও আইনের ভিত্তিতেই বিষয়টির বিচার হওয়া প্রয়োজন। আজ অন্যের সন্তানের নিরাপত্তার প্রশ্নে নীরব থাকলে আগামীকাল একই পরিস্থিতির শিকার হতে পারে আমাদের নিজেদের সন্তানও।
এ অবস্থায় স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষ, অভিভাবক ও সমাজের সচেতন ব্যক্তিদের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার আহ্বান জানিয়েছেন সচেতন মহল। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তাঁরা।
আরিফুর রহমান সোহাগ 


















