বাকেরগঞ্জ উপজেলার ৫নং দূর্গাপাশা ইউনিয়নে ভিডব্লিউবি (Vulnerable Women Benefit) কর্মসূচির আওতায় জুলাই ও আগস্ট—দুই মাসের খাদ্য সহায়তার চাল বিনামূল্যে বিতরণ করা হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর ২০২৬) ইউনিয়নের নির্ধারিত উপকারভোগীদের মাঝে প্রতিমাসে ৩০ কেজি হিসেবে দুই মাসের মোট ৬০ কেজি চাল বিতরণ করা হয়।
সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় দরিদ্র ও অসহায় নারীদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে ভিডব্লিউবি কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এ কর্মসূচির মাধ্যমে নির্বাচিত উপকারভোগীরা নির্ধারিত হারে বিনামূল্যে খাদ্যশস্য পেয়ে থাকেন।
চাল বিতরণকালে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত থেকে সুষ্ঠুভাবে খাদ্যশস্য বিতরণ কার্যক্রম তদারকি করেন। উপকারভোগীরা নির্ধারিত পরিমাণ চাল পেয়ে সন্তোষ প্রকাশ করেন।
সংশ্লিষ্টরা জানান, প্রকৃত অসহায় ও সুবিধাবঞ্চিত নারীদের খাদ্য সহায়তা নিশ্চিত করতে সরকারের এ ধরনের সামাজিক নিরাপত্তা কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
মোঃ রাহাত শিকদার 


















