মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ১০নং গারুড়িয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের চর আউলিয়াপুর গ্রামের মোঃ কামাল হোসেন হাওলাদার। এলাকার সর্বসাধারণের কবরস্থানের জন্য তিনি ৩৩ শতক জমি ওয়াকফ (দান) করেছেন।
জানা যায়, চর আউলিয়াপুর গ্রামে দীর্ঘদিন ধরে সর্বসাধারণের জন্য নির্দিষ্ট কোনো কবরস্থান না থাকায় স্থানীয় বাসিন্দাদের মৃত স্বজনদের দাফন করতে নানা সমস্যার সম্মুখীন হতে হতো। অনেক ক্ষেত্রে বাড়ির আঙিনা কিংবা রাস্তার আশপাশে কবর দিতে হতো। এতে কবরের পবিত্রতা ও যথাযথ সংরক্ষণ নিয়ে নানা সমস্যা তৈরি হতো।
এ বিষয়ে কামাল হোসেন হাওলাদার বলেন, এলাকার মানুষের দীর্ঘদিনের এই দুর্ভোগের কথা বিবেচনা করেই তিনি সর্বসাধারণের কবরস্থানের জন্য জমি দানের উদ্যোগ নিয়েছেন। যেন ভবিষ্যতে কাউকে স্বজনের দাফন নিয়ে ভোগান্তিতে পড়তে না হয়।
তাঁর এই মহতী উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা জানান, বিশেষ করে যেসব পরিবারের নিজস্ব জমি বা কবরস্থানের ব্যবস্থা নেই, তাঁদের জন্য এটি অত্যন্ত উপকারী হবে। এখন থেকে এলাকার যেকোনো পরিবার প্রয়োজনে এই কবরস্থানে স্বজনদের মরদেহ দাফন করতে পারবেন।
স্থানীয়দের মতে, ব্যক্তিগত সম্পদ মানুষের কল্যাণে উৎসর্গ করার এমন উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। কামাল হোসেন হাওলাদারের এই মানবিক উদ্যোগ দীর্ঘদিন এলাকার মানুষের উপকারে আসবে এবং সমাজে অন্যদেরও জনকল্যাণমূলক কাজে অনুপ্রাণিত করবে।
মোঃ শাহিন মিরা 


















