বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন দ্বিতীয় ব্রিজের সামনে খয়রাবাদ এলাকায় গ্রিনভিউ ও আবির আব্দুল্লাহ পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন যাত্রী। আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, খয়রাবাদ এলাকায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হলে বাস দুটির বেশ কয়েকজন যাত্রী গুরুতর আহত হন। সংঘর্ষের পর ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজে এগিয়ে আসেন।
খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন উদ্ধারকাজে অংশ নেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। নিহতদের পরিচয় এবং দুর্ঘটনার প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
মর্মান্তিক এ দুর্ঘটনায় এলাকায় শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
মোঃ জুলহাস হোসেন 

















