বাকেরগঞ্জ উপজেলার পাদ্রীশিবপুর ইউনিয়নের বিভিন্ন খালে দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বৃদ্ধি, প্রাকৃতিক জলাশয়ে মাছের বংশবিস্তার ও জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে ১ হাজার ২১৬ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল ৩টায় মৎস্য অধিদপ্তরের ২০২৬-২৭ অর্থবছরের ‘সাসটেইনেবল স্মার্ট অ্যাকুয়াকালচার অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট’ প্রকল্পের আওতায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
অবমুক্ত করা মাছের মধ্যে রয়েছে রুই, কাতলা, মৃগেল, গ্লাস কার্প, মিনার কার্প, তেলাপিয়াসহ বিভিন্ন প্রজাতির মাছ।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভ্র জ্যোতি বড়ালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মো. কামরুল ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, ভূমি উপসহকারী কর্মকর্তা মো. নিয়াজ মাখদুম, পাদ্রীশিবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ফারুক মৃধা প্রমুখ।
সংশ্লিষ্টরা জানান, খাল ও প্রাকৃতিক জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করার ফলে দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি, জলজ জীববৈচিত্র্য সংরক্ষণ এবং স্থানীয় জনগোষ্ঠীর মাছের চাহিদা পূরণে ইতিবাচক ভূমিকা রাখবে।
মোঃ সাব্বির হোসেন 

















