বাকেরগঞ্জ উপজেলার কারখানা নদীতে গভীর রাতে বালু উত্তোলনকে কেন্দ্র করে নদীতীরবর্তী এলাকায় উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে। রাস্তার উন্নয়নকাজের জন্য বালু উত্তোলন করা হচ্ছে দাবি করা হলেও এতে নদীর দুই পাড়ের হাজারো মানুষের বসতভিটা ও জীবিকা ভাঙনঝুঁকিতে পড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।
স্থানীয়দের অভিযোগ, গত ৮ নভেম্বর গভীর রাতে নদী থেকে বালু উত্তোলনের সময় বাধা দিলে উত্তোলনকারীরা তাঁদের ভয়ভীতি প্রদর্শন করেন। এ সময় তাঁরা সংসদ সদস্য আবুল হোসেন খানের অনুমতি নিয়ে বালু উত্তোলন করছেন বলে দাবি করেন। স্থানীয়দের ভাষ্য, বাধা দেওয়া হলে তাঁদের উদ্দেশে বলা হয়, ‘যা করতে পারো কর গিয়া, এখানে এমপি সাহেবের অনুমতি আছে।’
তবে সংসদ সদস্য আবুল হোসেন খান এমন কোনো অনুমতি দিয়েছেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয়দের আশঙ্কা, অপরিকল্পিতভাবে বালু উত্তোলন অব্যাহত থাকলে চর রঘুনাথদ্দি, জনতার হাট, ডিসি রোড, ফরিদপুর, মঙ্গলশী এবং নদীর অপর পাড়ের কবাই, শিয়ালঘুনী ও দুধল এলাকার জনপদ ভাঙনের মুখে পড়তে পারে।
বাংলাদেশের বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী, নদীর তীর ভাঙনের আশঙ্কা এবং পরিবেশ ও জনবসতির ক্ষতির ঝুঁকি রয়েছে-এমন এলাকায় বালু উত্তোলনে নিষেধাজ্ঞার বিধান রয়েছে। সরকারি উন্নয়নকাজের জন্য বালু উত্তোলনের ক্ষেত্রেও নির্ধারিত কর্তৃপক্ষের অনুমোদন প্রয়োজন।
এলাকাবাসীর দাবি, কার অনুমোদনে, কোথা থেকে এবং কী পরিমাণ বালু উত্তোলন করা হচ্ছে, তা তদন্ত করে প্রকাশ করতে হবে। পাশাপাশি তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ঝুঁকিপূর্ণ এলাকায় বালু উত্তোলন বন্ধ এবং নদীতীর সংরক্ষণে জরুরি ব্যবস্থা নিতে হবে।
এ বিষয়ে সংসদ সদস্য আবুল হোসেন খানের বক্তব্য পাওয়া যায়নি। বালু উত্তোলনকারীদের অনুমতির দাবির সত্যতাও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। সংশ্লিষ্ট প্রশাসন ও অনুমোদনকারী কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে সংযোজন করা হবে।
এলাকাবাসীর বক্তব্য, তাঁরা উন্নয়নের বিরোধী নন; তবে উন্নয়নের নামে নদীতীরবর্তী মানুষের বসতভিটা ও জীবিকা যেন হুমকির মুখে না পড়ে। তাঁদের প্রত্যাশা, প্রশাসন দ্রুত হস্তক্ষেপ করে নদী ও জনপদ রক্ষায় কার্যকর পদক্ষেপ নেবে।
এইচ এম রুহুল আমিন 



















