২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করা হয়েছে। এতে বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে ২ হাজার ৭৭২ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) বিকেল ৩টায় দেশের ১১টি শিক্ষা বোর্ডে একযোগে পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করা হয়। প্রকাশিত ফলাফল বিশ্লেষণে বরিশাল শিক্ষা বোর্ডের এ তথ্য জানা গেছে।
বোর্ড সূত্রে জানা যায়, এবার বরিশাল বোর্ডে উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছিলেন ১২ হাজার ২৯৩ জন শিক্ষার্থী। তাঁরা মোট ৫৩ হাজার ৪০৯টি উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন করেন। এর মধ্যে ২ হাজার ৭৭২ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। সে হিসাবে মোট আবেদনকারীর ২২ দশমিক ৫৫ শতাংশের ফল পরিবর্তিত হয়েছে।
অন্যদিকে, দেশের ১১টি শিক্ষা বোর্ডে এবার পুনঃনিরীক্ষণের মাধ্যমে মোট ৩৩ হাজার ৩৪৯ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে।
ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইট এবং কেন্দ্রীয় ফলাফল প্রকাশের ওয়েবসাইট থেকে সংশোধিত ফলাফল জানতে পারবেন। এ ছাড়া আবেদনের সময় দেওয়া মোবাইল নম্বরেও এসএমএসের মাধ্যমে ফলাফল জানানো হবে।
মোঃ জুলহাস হোসেন 




















