ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে টানা বৃষ্টি ও দমকা হাওয়ায় বরিশাল কৃষি অঞ্চলের ছয় জেলায় ব্যাপকভাবে ফসল আক্রান্ত হয়েছে। গত তিন দিনের বৃষ্টিতে ৪৮ হাজার ৭১৩ হেক্টরের বেশি জমির ফসল ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এর মধ্যে ৩০ হাজার ৪৩০ হেক্টর জমির আমন ধান এবং ১৮ হাজার ২৮৩ হেক্টর জমির অন্যান্য ফসল রয়েছে। এতে মৌসুমের শেষ সময়ে এসে দুশ্চিন্তায় পড়েছেন দক্ষিণাঞ্চলের কৃষকরা।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বরিশাল অঞ্চলের তথ্য অনুযায়ী, আক্রান্ত ছয় জেলা হলো বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, পটুয়াখালী, বরগুনা ও ভোলা। টানা বৃষ্টি ও দমকা বাতাসে অনেক জমির আধাপাকা ও পাকা আমন ধান হেলে পড়েছে। কোথাও কোথাও নিচু জমিতে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে ধান কাটার কাজ ব্যাহত হওয়ার পাশাপাশি শীতকালীন শাকসবজি ও ডালজাতীয় ফসলের ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।
কৃষি বিভাগের হিসাব অনুযায়ী, আক্রান্ত আমন ধানের মধ্যে ১৩ হাজার ৭৮৮ হেক্টর জমিতে উচ্চফলনশীল (উফশি) জাতের এবং ১৬ হাজার ৬৪২ হেক্টর জমিতে স্থানীয় জাতের ধান রয়েছে।
চলতি মৌসুমে বরিশাল বিভাগে ৭ লাখ ৪৮৪ হেক্টর জমিতে আমন ধান চাষ করা হয়েছে। এর মধ্যে ২৪ হাজার ২২২ হেক্টর জমির ধান ইতোমধ্যে কাটা হয়েছে।
আমন ধানের পাশাপাশি অন্যান্য ফসলও বৃষ্টির কারণে আক্রান্ত হয়েছে। এর মধ্যে ১৩ হাজার ৩৪ হেক্টর খেসারি ডাল, ৪ হাজার ১০১ হেক্টর শীতকালীন শাকসবজি, ৫২৯ হেক্টর সরিষা, ২৮৫ হেক্টর ধনিয়া, ১৪৬ হেক্টর তরমুজ, ৮৬ হেক্টর মরিচ, ১৭ হেক্টর মসুর ডাল, ৮ হেক্টর আলু এবং ২ হেক্টর গমের জমি রয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, জেলাভিত্তিক আক্রান্ত জমির পরিমাণ হলো-
– বরিশাল: ৯ হাজার ৩৩ হেক্টর আমন ধান ও ৩ হাজার ৫৯ দশমিক ২৫ হেক্টর অন্যান্য ফসল।
– পিরোজপুর: ৫ হাজার ২৭৫ হেক্টর আমন ধান ও ২ হাজার ২০৪ হেক্টর অন্যান্য ফসল।
– ঝালকাঠি: ৮ হাজার ১৪৮ হেক্টর আমন ধান ও ১ হাজার ৯৫৫ দশমিক ৮ হেক্টর অন্যান্য ফসল।
– পটুয়াখালী: ১ হাজার ১০৭ হেক্টর আমন ধান ও ৩৭২ হেক্টর অন্যান্য ফসল।
– বরগুনা: ৪ হাজার ৯৮৭ হেক্টর আমন ধান ও ৬ হাজার ৫২৫ হেক্টর অন্যান্য ফসল।
– ভোলা: ১ হাজার ৮৮০ হেক্টর আমন ধান ও ৪ হাজার ১৬৭ হেক্টর অন্যান্য ফসল।
মৌসুমের শেষ সময়ে এসে এমন বৈরী আবহাওয়ায় সবচেয়ে বেশি উদ্বেগ তৈরি হয়েছে আমন চাষিদের মধ্যে। অনেক জমির ধান পেকে যাওয়ায় কৃষকরা কাটার প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু বৃষ্টি ও দমকা বাতাসে ধানগাছ মাটিতে হেলে পড়েছে। কোথাও কোথাও পাকা ধানের শিষে অঙ্কুর গজানোর আশঙ্কাও দেখা দিয়েছে। এতে ধানের গুণগত মান ও উৎপাদন কমে যাওয়ার আশঙ্কা করছেন কৃষকরা।
বরিশাল সদর উপজেলার টুঙ্গিবাড়িয়া ইউনিয়নের কৃষক মো. দেলোয়ার হোসেন জানান, বৃষ্টিতে তাঁর জমির ধান নুয়ে পড়েছে। এ মৌসুমে ধানের ফলন ভালো হয়েছিল। অধিকাংশ জমির ধান পেকে যাওয়ায় কাটার প্রস্তুতি নিচ্ছিলেন তাঁরা। কিন্তু বৃষ্টির কারণে সময়মতো ধান কেটে ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন।
বরিশাল আবহাওয়া কার্যালয়ের জ্যেষ্ঠ পর্যবেক্ষক মাজহারুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত বরিশালে ৮৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা নাহিদ বিন রফিক বলেন, বৃষ্টি ও বাতাসে আমন ধান কিছুটা হেলে পড়েছে। এতে অপরিপক্ব ধানের কিছু ক্ষতি হতে পারে। পাশাপাশি লালশাক, পালংশাক ও ধনিয়াপাতার ক্ষতির আশঙ্কা রয়েছে। তবে আবহাওয়া অনুকূলে থাকলে ক্ষয়ক্ষতির পরিমাণ সীমিত থাকবে।
বরিশাল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোসাম্মাৎ মরিয়ম বলেন, জমিতে দীর্ঘ সময় পানি জমে না থাকলে ফসলের ক্ষতির পরিমাণ বাড়বে না। শীতকালীন সবজির মধ্যে লালশাক ও পালংশাক এবং রবি ফসলের মধ্যে খেসারি ও সরিষা আক্রান্ত হয়েছে। তবে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির মাত্রা খুব বেশি নয়।
এদিকে কৃষকদের আশঙ্কা, দ্রুত আবহাওয়ার উন্নতি না হলে এবং জমি থেকে পানি নিষ্কাশন করা সম্ভব না হলে ফসলের ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে। তাই আবহাওয়া অনুকূলে আসার পাশাপাশি কৃষিজমি থেকে দ্রুত পানি সরানোর ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা।
মোঃ আরিফুর রহমান সোহাগ 


















