দেশের স্থানীয় সরকার নির্বাচনের আনুষ্ঠানিক দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১২ নভেম্বর থেকে দেশের ৮০টি উপজেলার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের মধ্য দিয়ে এই নির্বাচনী উৎসব শুরু হতে যাচ্ছে।
আজ নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. ছানাউল্লাহ এই তথ্য জানান।
ইসি সানাউল্লাহ জানান, স্থানীয় সরকার কাঠামোক শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে নির্বাচন কমিশন ধারাবাহিকভাবে ভোটগ্রহণের পরিকল্পনা গ্রহণ করেছে। এর প্রথম ধাপ হিসেবে ১২ নভেম্বর নির্ধারিত ৮০টি উপজেলার ইউনিয়ন পরিষদগুলোতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। পরবর্তীতে অন্যান্য ধাপে দেশের বাকি ইউনিয়ন পরিষদ, পৌরসভা এবং অন্যান্য স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন সম্পন্ন করা হবে।
তিনি আরও বলেন, “একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে কমিশন প্রতিশ্রুতিবদ্ধ। নির্বাচনের শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন থাকবে। পক্ষপাতহীনভাবে দায়িত্ব পালনে আমরা বদ্ধপরিকর।”
নির্বাচন কমিশনের এই ঘোষণার পর থেকেই সংশ্লিষ্ট এলাকাগুলোতে নির্বাচনী আমেজ ছড়িয়ে পড়তে শুরু করেছে। কমিশন সূত্রে জানা গেছে, খুব দ্রুতই এই ধাপের নির্বাচনের পূর্ণাঙ্গ তফসিল, মনোনয়নপত্র জমা ও বাছাইয়ের তারিখ প্রকাশ করা হবে।
মোঃ জুলহাস হোসেন 


















