উপজেলা পর্যায়ে তরুণ উদ্যোক্তাদের ব্যবসায়িক উদ্যোগে অর্থায়নের লক্ষ্যে ‘উদ্যোগ’ প্রকল্পের নীতিমালা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এ প্রকল্পের আওতায় সর্বোচ্চ ২৮ বছর বয়সী উদ্যোক্তারা ঋণ ও অনুদানের সমন্বয়ে সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন সুবিধা পাবেন।
রোববার (১৩ সেপ্টেম্বর) এ বিষয়ে নির্দেশনা জারি করে কেন্দ্রীয় ব্যাংক।
নীতিমালা অনুযায়ী, একজন উদ্যোক্তাকে সর্বোচ্চ ২০ লাখ টাকা অর্থায়ন করা যাবে। এর মধ্যে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ এবং ঋণের সমপরিমাণ, অর্থাৎ সর্বোচ্চ আরও ১০ লাখ টাকা এককালীন অনুদান হিসেবে দেওয়া হবে। ঋণ ও অনুদানের অর্থ একইসঙ্গে এককালীন প্রদান করা হবে।
তবে অনুদানের অর্থ নিশ্চিত করার ক্ষেত্রে রয়েছে বিশেষ শর্ত। উদ্যোক্তা ঋণ হিসেবে পাওয়া অর্থ যথাযথভাবে পরিশোধ না করলে অনুদান হিসেবে দেওয়া পুরো অর্থও ঋণে রূপান্তরিত হবে। অর্থাৎ, অনুদানের সুবিধা ধরে রাখতে উদ্যোক্তাকে ঋণের সম্পূর্ণ অর্থ পরিশোধ করতে হবে।
বাংলাদেশ ব্যাংকের এ উদ্যোগের আওতায় কৃষি, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, হস্তশিল্প, মৎস্য, পশুপালন, পর্যটন ও বিভিন্ন সেবা খাতের ব্যবসায়ীরা অর্থায়নের সুযোগ পাবেন। পাশাপাশি সৌরবিদ্যুৎসহ নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন, হালকা প্রকৌশল এবং প্রযুক্তিভিত্তিক স্টার্টআপ উদ্যোগসহ অন্যান্য বৈধ ব্যবসায়ও এ সুবিধা প্রযোজ্য হবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা, কর্মসংস্থান সৃষ্টি এবং উপজেলা পর্যায়ে ক্ষুদ্র ও নতুন ব্যবসার প্রসারে ‘উদ্যোগ’ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষ করে তরুণদের ব্যবসা শুরু ও সম্প্রসারণে ঋণের পাশাপাশি অনুদানের সুযোগ থাকায় এ প্রকল্প উদ্যোক্তাদের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলবে।
মোঃ রাহাত শিকদার 



















