আসন্ন আইপিএলের মাঠের লড়াই শুরুর আগেই চরমে পৌঁছেছে মাঠের বাইরের উত্তাপ। আর এই উত্তাপের কেন্দ্রবিন্দুতে রয়েছেন বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমান। আইপিএলের নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে তাকে দলে ভেড়ায় বলিউড সুপারস্টার শাহরুখ খানের মালিকানাধীন দল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)।
বর্তমানে বাংলাদেশ ও ভারতের রাজনৈতিক সম্পর্ক কিছুটা বৈরি অবস্থায় রয়েছে। এমন প্রেক্ষাপটে বাংলাদেশি ক্রিকেটার মোস্তাফিজকে দলে নেওয়ায় ভারতের একাধিক কট্টরপন্থী রাজনৈতিক নেতার সমালোচনার মুখে পড়েছেন শাহরুখ খান। উত্তরপ্রদেশের বিজেপি নেতা সঙ্গীত সোম ইতোমধ্যেই শাহরুখ খানকে ‘গাদ্দার’ বা দেশদ্রোহী আখ্যা দিয়ে বিতর্ক উসকে দিয়েছেন।
এবার এই বিতর্কে নতুন করে ঘি ঢেলেছেন ভারতের হিন্দুত্ববাদী রাজনৈতিক দল শিবসেনার নেতা সঞ্জয় নিরুপম। তিনি বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের ওপর নিপীড়নের অভিযোগ তুলে মোস্তাফিজকে কেকেআর দল থেকে বাদ দেওয়ার দাবি জানিয়েছেন। একই সঙ্গে বাংলাদেশি এই ক্রিকেটারকে পরোক্ষভাবে হুমকিও দিয়েছেন তিনি।
সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক বক্তব্যে সঞ্জয় নিরুপম বলেন, ‘যখন পুরো দেশ বাংলাদেশের ওপর ক্ষুব্ধ, তখন কোনো বাংলাদেশির সঙ্গে ভারতীয় নাগরিকদের ন্যূনতম সংযোগও নেই। এমন পরিস্থিতিতে কেউ এলে সেই ক্ষোভের শিকার হবেন।’
তিনি আরও বলেন, ‘যদি কোনো বাংলাদেশি ক্রিকেটার শাহরুখ খানের দলে থাকে, তবে তিনি বড় ধরনের টার্গেটে পরিণত হওয়ার আগেই আমাদের অনুরোধ তাকে বাদ দেওয়া হোক। এটি তার নিজের জন্য ভালো হবে এবং একই সঙ্গে ভারতের স্বার্থও রক্ষা পাবে।’
মাঠে আইপিএলের উত্তেজনা শুরু হওয়ার আগেই মোস্তাফিজকে ঘিরে এই রাজনৈতিক বিতর্ক নতুন করে প্রশ্ন তুলেছে—ক্রিকেট কি কেবল খেলাই থাকবে, নাকি ক্রমেই রাজনীতির রোষানলে পড়বে আন্তর্জাতিক তারকারা।
ডেস্ক রিপোর্টঃ 



















