বাকেরগঞ্জ উপজেলার দুধল ইউনিয়নের সুন্দরকাঠী মোল্লারবাজার এলাকায় আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলকে ঘিরে প্রশ্ন উঠেছে। ধর্মীয় এ আয়োজনের পাশাপাশি নাচ-গানের পরিবেশনা এবং অনুষ্ঠানের ব্যানারে পবিত্র আল-কোরআনের ছবি ব্যবহার নিয়ে স্থানীয়দের মধ্যে সমালোচনা দেখা দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ৩ অক্টোবর শনিবার রাষ্ট্রপতির মঙ্গল দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানের ব্যানারে পবিত্র আল-কোরআনের ছবি ব্যবহার করা হয়। পরে অনুষ্ঠানের বিভিন্ন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সেখানে নাচ-গানের পরিবেশনা দেখা যায় বলে স্থানীয়দের দাবি।
এ ঘটনায় ধর্মীয় আয়োজনের সঙ্গে এ ধরনের সাংস্কৃতিক পরিবেশনা কতটা সামঞ্জস্যপূর্ণ, তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ স্থানীয়দের মধ্যে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আবু তালেব বলেন, “দোয়া ও মিলাদ মাহফিল একটি ধর্মীয় আয়োজন। সেখানে ধর্মীয় পরিবেশ ও ভাবগাম্ভীর্য বজায় থাকা উচিত। একই অনুষ্ঠানে নাচ-গানের আয়োজন থাকলে স্বাভাবিকভাবেই প্রশ্ন তৈরি হয়।”
আরেক স্থানীয় বাসিন্দা ইব্রাহিম বলেন, “কোনো শিল্পী বা তৃতীয় লিঙ্গের মানুষের পরিচয় আমাদের আপত্তির বিষয় নয়। বিষয়টি হলো, ধর্মীয় অনুষ্ঠানের সঙ্গে কী ধরনের আয়োজন করা হচ্ছে। বিশেষ করে পবিত্র কোরআনের ছবি ব্যবহার করা হলে আয়োজকদের আরও দায়িত্বশীল হওয়া উচিত।”
ধর্মীয় ব্যক্তিদের বক্তব্য
এ বিষয়ে দুধল দরবার শরীফের পীর সাহেব মুফতি শাহ মো. সাইফুল্লাহ বলেন, “বিষয়টি সম্পর্কে আমরা জানি না। আপনাদের মাধ্যমে জানতে পারলাম।”
ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাকেরগঞ্জ উপজেলা পশ্চিম শাখার সভাপতি রোকন ডাকুয়া বলেন, “আমরা এ বিষয়ে জানি না। তবে বিষয়টি সম্পর্কে জেনে আপনাদের জানাব।”
এ বিষয়ে গর্বের বাকেরগঞ্জ’-এর সভাপতি মোজাম্মেল হোসেন মোহন বলেন, “দোয়া-মিলাদের মতো পবিত্র ধর্মীয় আয়োজনের সঙ্গে নাচ-গানের এমন প্রদর্শনী এবং তার সঙ্গে পবিত্র কোরআনের ছবি ব্যবহার অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। এটি শুধু রুচির প্রশ্ন নয়; ধর্মীয় ভাবগাম্ভীর্য, সামাজিক শালীনতা ও ধর্মীয় অনুভূতির প্রতি দায়িত্ববোধ নিয়েও গুরুতর প্রশ্ন তৈরি করে।”
তিনি আরও বলেন, “কোনো শিল্পী বা কোনো মানুষের পরিচয় আমাদের আপত্তির বিষয় নয়। আপত্তি হলো ধর্মীয় পবিত্রতাকে এমন উপস্থাপনার সঙ্গে যুক্ত করা, যা তার মর্যাদাকে ক্ষুণ্ন করে। ভবিষ্যতে ধর্মীয় অনুষ্ঠান আয়োজনে সংশ্লিষ্ট সবাইকে আরও সংযত, দায়িত্বশীল ও সচেতন হওয়া উচিত।”
এ বিষয়ে বাকেরগঞ্জ উপজেলা আনন্দ টিভির প্রতিনিধি ও সমাজসেবক বাইজিদ বাপ্পি বলেন, “রাষ্ট্রপতির মঙ্গল কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানের ব্যানারে পবিত্র আল-কোরআনের ছবি ব্যবহারের পরও এ ধরনের নাচ-গানের আয়োজনের নিন্দা জানাই।”
তিনি বলেন, “ধর্মীয় অনুষ্ঠানের নাম ও পবিত্র প্রতীক ব্যবহার করা হলে এর পবিত্রতা, শালীনতা ও ভাবগাম্ভীর্য রক্ষার দায়িত্ব আয়োজকদেরই। দোয়া-মিলাদ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আলাদা—দুটিকে একসঙ্গে উপস্থাপন করা কতটা যুক্তিসঙ্গত, সেটিই এখন স্থানীয়দের প্রশ্ন।”
এ বিষয়ে সংশ্লিষ্ট আয়োজকদের বক্তব্য পাওয়া যায়নি। তাঁদের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে সংযোজন করা হবে।
আরিফুর রহমান সোহাগ 


















