কুমিল্লার আদর্শ সদর উপজেলায় তুচ্ছ এক পারিবারিক কলহের জেরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছেন বড় ভাই। গতকাল শুক্রবার (১৩ মার্চ) ইফতারের ঠিক আগে কালির বাজার ইউনিয়নের রায়চর গ্রামে মর্মান্তিক এই ঘটনা ঘটে। গ্যাসের চুলা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে এই হত্যাকাণ্ডের শিকার হন বিল্লাল হোসেন ভূঁইয়া (৪৮)।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত বিল্লাল হোসেন ভূঁইয়া রায়চর গ্রামের আব্দুল মালেক ভূঁইয়ার বড় ছেলে। বাড়ির একটি গ্যাসের চুলা ব্যবহার ও মালিকানা নিয়ে বিল্লালের সাথে তার ছোট ভাই আনিসুর রহমান ভূঁইয়ার বেশ কিছুদিন ধরে মনোমালিন্য চলছিল। শুক্রবার বিকেলে এই বিষয়টি নিয়ে পুনরায় দুই ভাইয়ের মধ্যে তীব্র কথা-কাটাকাটি শুরু হয়।
তর্কের একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে আনিসুর বড় ভাই বিল্লালকে ধারালো ছুরি দিয়ে উপর্যুপরি আঘাত করেন। গুরুতর জখম হয়ে বিল্লাল ঘটনাস্থলেই মারা যান। ভাইয়ের মৃত্যু নিশ্চিত হওয়ার পর অভিযুক্ত ছোট ভাই আনিসুর রহমান ভূঁইয়া এলাকা ছেড়ে দ্রুত পালিয়ে যান।
হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নিহতের মরদেহ উদ্ধার করে। পুলিশ জানায়, ঘটনার পরপরই অভিযুক্ত আনিসুরের স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নেওয়া হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে যে পারিবারিক কলহ ও মূলত একটি গ্যাসের চুলা নিয়ে দ্বন্দ্বের জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
তিনি আরও বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মূল অভিযুক্ত আনিসুর রহমানকে গ্রেফতার করতে পুলিশের একাধিক টিম অভিযানে নেমেছে।’
পারিবারিক তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এমন নৃশংস হত্যাকাণ্ডে পুরো রায়চর গ্রাম জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা ঘাতক ভাইয়ের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
ডেস্ক রিপোর্টঃ 























