বাকেরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬-এর অংশ হিসেবে পৌরসভা এলাকায় বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বাকেরগঞ্জ পৌরসভাস্থ বাকেরগঞ্জ জেএসইউ মডেল হাই স্কুলের খেলার মাঠ সংলগ্ন এলাকা, বন্দর বাজার থেকে বাকেরগঞ্জ থানা হয়ে পুরাতন সিনেমা হল পর্যন্ত বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা ও কচুরিপানা পরিষ্কার করা হয়।
অভিযানের অংশ হিসেবে বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণের পাশাপাশি মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। বিশেষ করে ড্রেন ও পানি জমে থাকা স্থানগুলোতে লার্ভিসাইড প্রয়োগ করা হয়েছে, যাতে এডিস মশার লার্ভা ধ্বংস এবং মশার বংশবিস্তার নিয়ন্ত্রণ করা যায়।
ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনিক অভিযান নয়, জনসচেতনতাও গুরুত্বপূর্ণ বলে সংশ্লিষ্টরা মনে করছেন। বাড়ির আঙিনা, ছাদ, ড্রেন, নির্মাণাধীন ভবনসহ যেসব স্থানে পানি জমে থাকতে পারে, সেসব স্থান নিয়মিত পরিষ্কার রাখার আহ্বান জানানো হয়েছে।
এছাড়া নাগরিকদের নিজেদের আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা, অপ্রয়োজনীয় পাত্রে পানি জমতে না দেওয়া এবং কোথাও পানি জমে থাকলে দ্রুত তা অপসারণের পরামর্শ দেওয়া হয়েছে।
‘নিজ আঙিনা পরিষ্কার রাখুন, ডেঙ্গু ও মশক প্রতিরোধে সহযোগিতা করুন’—এই বার্তাকে সামনে রেখে চলমান এ ধরনের অভিযান জনস্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
মোঃ রাহাত শিকদার 



















