বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী ইউনিয়নের গুরিয়া গ্রামে বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খানকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) জুলাই যোদ্ধা রেজাউল কবির রেজার সভাপতিত্বে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আদিল হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিজান মিয়া, বাকেরগঞ্জ পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন জোমাদ্দার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার শাহীনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভাপতির বক্তব্যে জুলাই যোদ্ধা রেজাউল কবির রেজা কলসকাঠী ইউনিয়নকে মাদক ও চাঁদাবাজমুক্ত করতে সংসদ সদস্যের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি ইউনিয়নের রাস্তাঘাটের উন্নয়ন ও নির্মাণকাজে তাঁর দৃষ্টি আকর্ষণ করেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, দল যাঁকে মনোনয়ন দেবে, সবাই ঐক্যবদ্ধভাবে তাঁর পক্ষে কাজ করবেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আবুল হোসেন খান সভাপতির বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে বলেন, কলসকাঠী ইউনিয়নসহ তাঁর নির্বাচনী এলাকাকে মাদকমুক্ত করতে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এ সময় তিনি কিশোর গ্যাংয়ের ভয়াবহতা তুলে ধরে এ সামাজিক ব্যাধি প্রতিরোধে সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
তিনি জুলাই যোদ্ধা রেজাউল কবির রেজার ভূয়সী প্রশংসা করে তাঁকে একজন ভালো সংগঠক হিসেবে অভিহিত করেন।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গে সংসদ সদস্য বলেন, যাঁর গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তা বেশি, দল তাঁকেই মনোনয়ন দেওয়ার বিষয়টি বিবেচনা করবে। একই সঙ্গে তিনি কলসকাঠী ইউনিয়নের যোগাযোগব্যবস্থার উন্নয়ন ও রাস্তাঘাট নির্মাণের গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মোঃ এনামুল হক 


















