বাকেরগঞ্জে পৃথক অভিযান চালিয়ে এক কেজি করে গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এ ছাড়া বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত আরও দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। রোববার (১৫ নভেম্বর) পরিচালিত পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৪ নভেম্বর উপজেলার কলসকাঠি ইউনিয়নের বাগদিয়া এলাকা থেকে এক কেজি গাঁজাসহ কামাল হাওলাদার (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি পূর্ব বাগদিয়া গ্রামের মৃত আলী আকবর হাওলাদারের ছেলে। পরে তাকে আদালতে পাঠানো হয়।
অন্যদিকে, ১৫ নভেম্বর কলসকাঠি এলাকা থেকে এক কেজি করে গাঁজাসহ দীপ্ত চন্দ (২৫) ও সাজিদ আব্দুল্লাহ রাফি (২৪) নামে দুই যুবককে গ্রেফতার করা হয়। দীপ্ত চন্দ ওই এলাকার মৃত সান্টু চন্দ্রের ছেলে এবং সাজিদ আব্দুল্লাহ রাফি মৃত আনসার আলী হাওলাদারের ছেলে।
এ ছাড়া ঢাকার হাতিরঝিল এলাকা থেকে দারুস সালাম থানার মামলা নং-১০(৬)২৬ এবং সেশন মামলা নং-৭৭/২১-এর ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি সালাউদ্দিন ওরফে সাদ্দাম (৩৮) কে গ্রেফতার করা হয়। তিনি বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়নের রামনগর গ্রামের রুস্তম আলীর ছেলে।
একই অভিযানে পারিবারিক ডিক্রি মামলা নং-৮৮/২৫-এর তিন মাসের সাজাপ্রাপ্ত আসামি মোজাম্মেল (৪০) কে গ্রেফতার করা হয়। তিনি উপজেলার বরিয়া গ্রামের আব্দুস সালামের ছেলে।
বাকেরগঞ্জ থানা পুলিশ জানায়, পৃথক অভিযান পরিচালনা করে মোট পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মোঃ এনামুল হক 


















