বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদন্ডের রায় ঘোষণার প্রায় ঘন্টাতিনেক পর ভারত এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় জানিয়েছে, এই রায় তাদের নজরে এসেছে।
তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে উদ্ধৃতি চিহ্নের মধ্যে লেখা হয়েছে – যা ইঙ্গিত দিচ্ছে ভারত এই নামকরণের সঙ্গে একমত নাও হতে পারে।
ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে ভারত যে বাংলাদেশের মানুষের স্বার্থে অঙ্গীকারাবদ্ধ থাকবে, বিবৃতিতে মনে করিয়ে দেওয়া হয়েছে সে কথাও।
তবে ভারতের শীর্ষস্থানীয় কর্মকর্তারা বিবিসিকে আভাস দিয়েছেন, এই রায়ের ফলে শেখ হাসিনাকে নিয়ে দিল্লির অবস্থান আদৌ বদলাচ্ছে না এবং তাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়ারও কোনো প্রশ্ন উঠছে না।
বস্তুত শেখ হাসিনা এই পর্বে যবে থেকে ভারতে পা রেখেছেন, মানে সেই ৫ই অগাস্ট ২০২৪ থেকে আজ পর্যন্ত এদেশে তাকে আশ্রয় বা আতিথেয়তা দেওয়া নিয়ে ভারতের অবস্থান অবিকল একই রকম আছে।
Reporter Name 




















