আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মিত্রদলগুলোর সঙ্গে আসন সমঝোতার অংশ হিসেবে আরও ১০টি আসন ছেড়ে দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। জাতীয় পার্টি (কাজী জাফর), ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), ইসলামী ঐক্যজোট, গণ অধিকার পরিষদসহ কয়েকটি দল এই আসনগুলো পেয়েছে।
বুধবার রাজধানীর গুলশানে দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব আসনে মিত্রদলগুলোর প্রার্থীদের নাম ঘোষণা করেন।
সংবাদ সম্মেলনেই কর্নেল (অব.) অলি আহমদের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব রেদোয়ান আহমেদ বিএনপিতে যোগ দেন। তিনি আসন্ন নির্বাচনে কুমিল্লা–৭ আসনে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। উল্লেখ্য, তিনি এর আগে ওই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এবং বিএনপির সরকারের সময় প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন।
এ সময় মির্জা ফখরুল জানান, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ বিএনপিতে যোগ দিয়ে ঢাকা–১৩ আসনে প্রার্থী হবেন। নড়াইল–২ আসনে ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ প্রার্থী হবেন। এনপিপি নিবন্ধিত না হওয়ায় তিনি বিএনপির ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন।
এ ছাড়া বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক ঢাকা–১২, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বগুড়া–২, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক পটুয়াখালী–৩ এবং গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া–৬ আসনে প্রার্থী হবেন বলে জানানো হয়।
অন্যদিকে, পিরোজপুর–১ আসন জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারকে ছেড়ে দিয়েছে বিএনপি। যশোর–৫ আসন ইসলামী ঐক্যজোটের মুফতি রশিদ এবং ঝিনাইদহ–৪ আসন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খাঁনের জন্য বরাদ্দ করা হয়েছে।
মির্জা ফখরুল আরও জানান, যেসব শরিক এখনো বিএনপিতে যোগ দেননি, তাঁরা নিজ নিজ দলের প্রতীকে প্রার্থী হবেন। বিএনপি যেসব আসন শরিকদের ছেড়ে দিয়েছে, সেখানে দলের কোনো নেতা প্রার্থী হলে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
আসন সমঝোতা নিয়ে মিত্রদলগুলোর সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, নতুন কোনো সিদ্ধান্ত হলে তা পরে জানানো হবে।
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিএনপি ইতোমধ্যে ২৭২টি আসনে দলীয় সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে। বাকি ২৮টি আসন সমঝোতার ভিত্তিতে মিত্রদলগুলোর জন্য ছেড়ে দেওয়া হচ্ছে। এর মধ্যে গতকাল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশকে চারটি আসন ছেড়ে দেওয়ার ঘোষণা দেওয়া হয়। সেগুলো হলো—সিলেট–৫, ব্রাহ্মণবাড়িয়া–২, নীলফামারী–১ ও নারায়ণগঞ্জ–৪। আজ আরও ১০টি আসন ছাড়ার সিদ্ধান্ত জানানো হলো।
ডেস্ক রিপোর্টঃ 


















