দেশজুড়ে জেঁকে বসেছে শীত। হিমেল হাওয়ার দাপটে বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা ক্রমেই কমছে। এরই মধ্যে দেশের দিকে ধেয়ে আসছে নতুন শৈত্যপ্রবাহ ‘কনকন’, যার প্রভাবে আগামী কয়েক দিনে শীত আরও তীব্র হতে পারে।
রোববার (২৮ ডিসেম্বর) ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানিয়েছে, শৈত্যপ্রবাহ ‘কনকন’ ২৮ ডিসেম্বর থেকে ৭ জানুয়ারি অথবা ৩১ ডিসেম্বর থেকে ৭ জানুয়ারি পর্যন্ত স্থায়ী হতে পারে।
পূর্বাভাস অনুযায়ী, শৈত্যপ্রবাহটির প্রভাব সবচেয়ে বেশি পড়বে রাজশাহী ও খুলনা বিভাগে। এ ছাড়া রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং গোপালগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, টাঙ্গাইল, মানিকগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও চাঁদপুরসহ আশপাশের জেলাগুলোতেও শীতের তীব্রতা বেশি থাকতে পারে।
বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় শৈত্যপ্রবাহের প্রভাব তুলনামূলক কম হওয়ার সম্ভাবনা রয়েছে। উপকূলীয় অঞ্চল, ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার ও বান্দরবানে শীত থাকলেও শৈত্যপ্রবাহ ততটা শক্তিশালী নাও হতে পারে।
বিডব্লিউওটির তথ্য অনুযায়ী, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ, কুষ্টিয়া, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নওগাঁ, পাবনা, বগুড়া, নাটোর, নড়াইল, যশোর, ফরিদপুর, গোপালগঞ্জ, মাগুরা ও রাজবাড়ী অঞ্চলে তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। এসব এলাকায় অন্য অঞ্চলের তুলনায় শৈত্যপ্রবাহ আগেই শুরু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ডেস্ক রিপোর্টঃ 



















