আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৬ (বাকেরগঞ্জ) সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা মাহমুদুন্নবী তালুকদার এবং বাংলাদেশ মুসলিম লীগের প্রার্থী মুফতি আব্দুল কুদ্দুস মোল্লার মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি) বরিশাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেন রিটার্নিং কর্মকর্তা ও বরিশাল জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সুমন।
তিনি জানান, বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে মোট ৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। যাচাই-বাছাই শেষে ৪ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। তবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা মাহমুদুন্নবী তালুকদার এবং বাংলাদেশ মুসলিম লীগের প্রার্থী আব্দুল কুদ্দুস মোল্লার দাখিল করা কাগজপত্রে ত্রুটি থাকায় তাঁদের মনোনয়ন স্থগিত রাখা হয়েছে।
রিটার্নিং কর্মকর্তা আরও জানান, যেসব প্রার্থীর মনোনয়ন স্থগিত হয়েছে, তাঁরা চাইলে নির্বাচন কমিশনে আপিল করার মাধ্যমে তাঁদের প্রার্থিতা পুনর্বহালের সুযোগ পাবেন।
এদিকে বরিশাল-৬ (বাকেরগঞ্জ) সংসদীয় আসনে যেসব প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে, তাঁরা হলেন—বিএনপি মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী সালাহউদ্দিন সানু এবং স্বতন্ত্র প্রার্থী কামরুল ইসলাম খান।
মনোনয়ন যাচাই-বাছাই শেষে এখন আপিল নিষ্পত্তির দিকেই তাকিয়ে আছেন স্থগিত হওয়া প্রার্থীরা, অন্যদিকে নির্বাচনী মাঠে প্রচারের প্রস্তুতি নিচ্ছেন বৈধ ঘোষিত প্রার্থীরা।
ডেস্ক রিপোর্টঃ 



















