ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খানের সঙ্গে ঢাকাস্থ বাকেরগঞ্জ উপজেলার পেশাজীবী, ছাত্র-জনতা এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি ২০২৬) বিকেল পাঁচটায় রাজধানীর আইইবি সেমিনার কক্ষে আয়োজিত এ সভায় “আবুল হোসেন খানের ভাবনা ও পরিকল্পনা” শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অধ্যাপক ড. শেখ মনির উদ্দিন জুয়েল এবং সঞ্চালনার দায়িত্ব পালন করেন ইঞ্জিনিয়ার আসাদুজ্জামান চুন্নু।
সভায় বক্তারা বলেন, বরিশাল-৬ আসনের সার্বিক উন্নয়ন, গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার নিশ্চিতকরণ এবং বাকেরগঞ্জের শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান খাতে বাস্তবভিত্তিক পরিকল্পনা বাস্তবায়নে আবুল হোসেন খান একজন যোগ্য ও পরীক্ষিত নেতা। বক্তারা তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও ত্যাগের কথা উল্লেখ করে আসন্ন নির্বাচনে তাকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
মতবিনিময় সভায় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এছাড়াও সামাজিক সংগঠনের পক্ষ থেকে ‘গর্বের বাকেরগঞ্জ’-এর সভাপতি মোজাম্মেল হোসেন মোহন এবং বাকেরগঞ্জ কল্যাণ সমিতির সভাপতি সোয়েব তালুকদার বক্তব্য প্রদান করেন।
সভায় উপস্থিত নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ প্রার্থীর উন্নয়ন ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনার প্রতি আস্থা প্রকাশ করেন এবং একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেন।
রাকিব খান 



















