আজ ১৩ জানুয়ারি রাত আনুমানিক ৯টার দিকে বরিশাল সদর রোডের বিবির পুকুর পাড় এলাকায় মোটরসাইকেলের হেলমেট চুরির সময় হাতেনাতে আটক হয়েছে মুসা নামের এক যুবক। আটককৃত মুসার বাড়ি সাগরদী কারিকর ব্রাঞ্চ রোড এলাকায় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি মোটরসাইকেল থেকে হেলমেট চুরির চেষ্টা করার সময় আশপাশের লোকজন বিষয়টি বুঝতে পেরে তাকে ধরে ফেলে। এরপর এলাকাবাসী তাকে আটক করে রাখে।
ঘটনার পর উপস্থিত জনতা তাৎক্ষণিকভাবে শাস্তিস্বরূপ তাকে বিবির পুকুরের ঠান্ডা পানিতে টানা ১২ বার ঢুপ দিতে বাধ্য করে। এ সময় ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমে যায়। পরে পরিস্থিতি শান্ত হলে তাকে ছেড়ে দেওয়া হয়।
এ ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অনেকেই এ ধরনের চুরির ঘটনার পুনরাবৃত্তি রোধে আইনশৃঙ্খলা বাহিনীর আরও তৎপরতা কামনা করেছেন।
আরিফুর রহমান সোহাগ 



















