ভারতে অনুষ্ঠিতব্য টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। আজ অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে বৈঠকের পর এ তথ্য নিশ্চিত করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
বৈঠক শেষে সাংবাদিকদের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বলেন, সরকারের অবস্থান একেবারেই স্পষ্ট—বাংলাদেশ দল ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না। তার ভাষায়, “আমরা আইসিসি থেকে সুবিচার পাইনি। আমাদের নিরাপত্তা–সংক্রান্ত যে উদ্বেগ রয়েছে, সেটি বিবেচনায় নিয়ে শ্রীলঙ্কায় খেলার আবেদন মেনে নেবে—এটাই আমরা আশা করছি।” তিনি আরও বলেন, দেশের মানুষ ও ক্রিকেটারদের নিরাপত্তাকে ঝুঁকির মধ্যে ফেলে দিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া যায় না। “মাথা নত করে নিরাপত্তা ঝুঁকি উপেক্ষা করলে তার পরিণতি কী হতে পারে, সেটি গুরুত্ব দিয়ে ভাবতে হবে,”—বলেন ক্রীড়া উপদেষ্টা। এ প্রসঙ্গে তিনি জানান, ক্রিকেটারদের সঙ্গেও ব্যক্তিগতভাবে কথা বলেছেন তিনি।
অন্যদিকে, বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন,
“আমরা আবারও আইসিসির সঙ্গে যোগাযোগ করবো। আমাদের অবস্থান পরিষ্কার—আমরা ভারতে খেলতে চাই না, শ্রীলঙ্কায় খেলতে চাই।”
প্রসঙ্গত, বাংলাদেশের আবেদনের বিষয়ে বুধবার আইসিসির বোর্ড সদস্যদের ভোট শেষে জানানো হয়, বিশ্বকাপে অংশ নিতে হলে বাংলাদেশ দলকে ভারতেই যেতে হবে। বাংলাদেশ যেতে অস্বীকৃতি জানালে টুর্নামেন্ট থেকে বাদ পড়তে পারে এবং সে ক্ষেত্রে বাংলাদেশের পরিবর্তে অন্য একটি দল নেওয়া হতে পারে বলেও ইঙ্গিত দেয় আইসিসি।
এ পরিস্থিতিতে নিজেদের চূড়ান্ত অবস্থান জানাতে এক দিনের সময় চেয়ে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এখন দেখার বিষয়, আইসিসি বাংলাদেশের নিরাপত্তা–সংক্রান্ত আবেদন কতটা বিবেচনায় নেয় এবং এই সিদ্ধান্ত বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণে কী প্রভাব ফেলে।
ডেস্ক রিপোর্ট 
























