পাদ্রীশিবপুর ইউনিয়নের ০৩নং ওয়ার্ডের দূর্গাপুর একতা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের উদ্যোগে আজ শনিবার (২৪ জানুয়ারি) সকাল ১০টায় ৩৪তম বার্ষিক সাধারণ সভা (২০২৪-২৫ খ্রি.) অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন ক্রেডিট ইউনিয়নের সভাপতি মো. জলিলুর রহমান। সভা সঞ্চালনা করেন ব্যবস্থাপক মো. রাইজুল ইসলাম ও মো. খন্দকার নজরুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ উপজেলা সমবায় অফিসার জনাব মো. সাইদুর রহমান এবং সহকারী অধ্যাপক ও সাবেক ডিরেক্টর (কালব ঘ-অঞ্চল) জনাব মো. আব্দুল মান্নান লোটাস।
এছাড়াও সভায় ব্যবস্থাপনা কমিটি, শিক্ষা কমিটি ও পর্যবেক্ষণ কমিটির সদস্যবৃন্দসহ সংশ্লিষ্ট ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত নেতৃবৃন্দ আগামী এক বছরের জন্য ক্রেডিট ইউনিয়নের সার্বিক কার্যক্রম, আর্থিক ব্যবস্থাপনা ও উন্নয়নমূলক কর্মসূচি নিয়ে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন। সকল সদস্যের সম্মতিক্রমে আগামী এক বছরের কর্মপরিকল্পনা নির্ধারণ করা হয়। পাশাপাশি সদস্যদের কল্যাণে মাসিক চিকিৎসা সেবা প্রদানের একটি পরিকল্পনা গ্রহণ করা হয়।
এসময় ক্রেডিট ইউনিয়নের বাৎসরিক আয়-ব্যয়ের হিসাব সভায় উপস্থাপন করা হয়। সভায় নিয়মিত সদস্য ও সেরা দশ সদস্যকে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের হাত থেকে সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়।
প্রাণবন্ত আলোচনা ও প্রধান অতিথির দিকনির্দেশনামূলক বক্তব্যের মধ্য দিয়ে বিকেল ৩টায় সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
মোঃ সাব্বির হোসেন 























