রংপুর বিভাগের ঠাকুরগাঁও জেলার প্রায় ৩৩ কিলোমিটার পূর্বে ৩ দশমিক ৪ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। রোববার (২৫ জানুয়ারি) সকাল ৮টা ৩৪ মিনিটে এ ভূমিকম্প সংঘটিত হয়।
অগ্ন্যুৎপাত ও ভূমিকম্প বিষয়ক আন্তর্জাতিক ওয়েবসাইট ভলকানো ডিসকভারি জানিয়েছে, ভূমিকম্পটির গভীরতা এখনো নিরূপণ করা সম্ভব হয়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি অগভীর ভূমিকম্প ছিল।
স্থানীয় বাসিন্দাদের অনেকে জানান, তারা হালকা কাঁপুনি অনুভব করেছেন, যা খুব অল্প সময় স্থায়ী ছিল। কাঁপুনি দুর্বল হওয়ায় অনেকেই তখন বিষয়টি গুরুত্ব দেননি। পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে খবর দেখে তারা ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত হন।
তবে এলাকাবাসীর একটি বড় অংশ জানান, তারা ভূমিকম্পটি অনুভবই করেননি। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি তারা পর্যবেক্ষণে রেখেছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে।
ডেস্ক রিপোর্টঃ 



















