ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সামনে রেখে বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। দাঁড়িপাল্লা প্রতীকের মনোনীত প্রার্থী মাওলানা মাহমুদুন্নবী তালুকদারের উদ্যোগে শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যার পর ৬নং ফরিদপুর ইউনিয়নে স্থানীয়ভাবে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মাহমুদুন্নবী তালুকদার বলেন, বিগত সময়ে স্বৈরাচারী ফ্যাসিবাদের কারণে দেশের মানুষ বাকস্বাধীনতা থেকে বঞ্চিত ছিল। তিনি আয়নাঘরের মতো টর্চারিং সেলে নির্যাতনের প্রসঙ্গ তুলে ধরে বলেন, সে সময় সাধারণ মানুষের কণ্ঠ রুদ্ধ করে রাখা হয়েছিল।
তিনি বলেন, বর্তমান সময় ঘুরে দাঁড়ানোর সময়। ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার মাধ্যমে বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। বেকারমুক্ত সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, যুবসমাজকে কর্মমুখী ও আত্মনির্ভরশীল করে তুলতে পরিকল্পিত কর্মসংস্থান সৃষ্টি জরুরি। শিল্পায়ন, কৃষিভিত্তিক উদ্যোগ ও ক্ষুদ্র উদ্যোক্তা তৈরির মাধ্যমে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ তৈরি সম্ভব বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, বেকারমুক্ত সমাজ গড়ে উঠলে দারিদ্র্য ও অপরাধ কমবে। কর্মসংস্থান নিশ্চিত হলে মানুষ সন্ত্রাস, চাঁদাবাজি ও অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকবে। ন্যায় ও ইনসাফের ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হলে জনগণের জীবনমান উন্নত হবে বলেও তিনি মত দেন।
২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে নতুন বাংলাদেশের সূচনা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এ অগ্রযাত্রা সঠিক পথে রাখতে সবাইকে সজাগ থাকতে হবে। একই সঙ্গে সমাজ থেকে সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারিত্ব উচ্ছেদের ওপর জোর দেন তিনি। নতুন করে কোনো স্বৈরাচার মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে জন্য জনগণকে সচেতন থাকার আহ্বান জানান।
বক্তব্যের শেষাংশে আগামী ১২ ফেব্রুয়ারি দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করার জন্য নেতাকর্মী ও ভোটারদের প্রতি আহ্বান জানান তিনি।
সভায় ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি, সেক্রেটারি ছাড়াও স্থানীয় পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
এইচ এম রুহুল আমিন 



















