অন্তর্বর্তী সরকার র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। বাহিনীটির নতুন নাম রাখা হয়েছে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’ (এসআইএফ)। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে এ তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আজ থেকেই র্যাব নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (SIF) হিসেবে কার্যক্রম শুরু করবে। প্রধান উপদেষ্টা এ বিষয়ে অনুমোদন দিয়েছেন এবং আদেশ জারির পর আনুষ্ঠানিকভাবে নতুন নামে কার্যক্রম পরিচালিত হবে। বাহিনীর পোশাকেও পরিবর্তন আনা হচ্ছে। তিনি জানান, সম্ভবত আগামী সপ্তাহ থেকেই সদস্যদের নতুন পোশাকে দেখা যাবে।
তিনি আরও বলেন, গত দেড় বছরে র্যাবের কাজের মানে ইতিবাচক পরিবর্তন এসেছে। অনেকেই বাহিনীটির নাম পরিবর্তনের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছিলেন। সে বিবেচনায় নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নির্বাচন প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) তাদের উদ্বেগ জানিয়েছে। তবে বর্তমানে পুলিশের মনোবল ও কর্মক্ষমতা বেড়েছে উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনে কোনো ধরনের সমস্যা হবে না।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আল্লাহ চাইলে নির্বাচন খুব ভালোভাবে অনুষ্ঠিত হবে। এটি হবে অবাধ, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য ও উৎসবমুখর—এ বিষয়ে কারও সন্দেহ থাকার প্রয়োজন নেই।
ডেস্ক রিপোর্টঃ 









