জাতিসংঘের তত্ত্বাবধানে শহীদ ওসমান হাদি হত্যার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করার দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি দ্বিতীয় দিনের মতো অব্যাহত রয়েছে।
গতকাল থেকে ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীদের সঙ্গে অবস্থান ধর্মঘটে যোগ দেন শহীদ ওসমান হাদীর স্ত্রী শরীফ ওসমান হাদি। তারা হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা এবং তদন্ত প্রক্রিয়া জাতিসংঘের তত্ত্বাবধানে সম্পন্ন করার জোর দাবি জানান।
আন্দোলনকারীদের ভাষ্য অনুযায়ী, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বিদায় নেওয়ার আগে তদন্ত কার্যক্রম শুরু না হলে ন্যায়বিচার অনিশ্চিত হয়ে পড়তে পারে। এ কারণেই অবিলম্বে আন্তর্জাতিক তত্ত্বাবধানে তদন্ত শুরুর দাবি জানানো হচ্ছে।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকাল থেকেও যমুনার সম্মুখে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন বিক্ষোভকারীরা। এ সময় সাধারণ ছাত্র-জনতা ও সচেতন নাগরিকদের শান্তিপূর্ণভাবে সমবেত হয়ে এই আন্দোলনে সংহতি জানানোর আহ্বান জানান ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীরা।
এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ থাকলেও আন্দোলনকারীরা তাদের দাবিতে অনড় থাকার ঘোষণা দেন। পরিস্থিতি শান্ত থাকলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে।
আন্দোলনকারীরা স্পষ্ট করে জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ কর্মসূচি অব্যাহত থাকবে।
মোঃ বায়েজীদ আলম 



















