বাকেরগঞ্জ উপজেলার ৬নং ফরিদপুর ইউনিয়নে ৬ ফেব্রুয়ারী কাকরধায় অনুষ্ঠিত নির্বাচনী সভায় বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান নির্বাচিত হলে ডিসি রোডে নতুন ব্রিজ নির্মাণের স্পষ্ট আশ্বাস দিয়েছেন।
নির্বাচনী সভায় সভাপতিত্ব করেন ফরিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. কাইয়ুম খান। সভাপতির বক্তব্যে তিনি বলেন, দীর্ঘদিন ধরে স্থানীয় জনগণ সেতুবন্ধন সমস্যায় ভুগছেন। এসব সমস্যা সমাধানে রাজনৈতিক নেতৃত্বের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত জরুরি।
প্রধান অতিথির বক্তব্যে আবুল হোসেন খান বলেন, নির্বাচিত হলে ডিসি রোডে ব্রিজ নির্মাণের কাজ অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়ন করা হবে। তিনি আরও বলেন, এই ব্রিজ নির্মিত হলে স্থানীয় জনগণের যাতায়াত ব্যবস্থা সহজ হবে এবং ব্যবসা-বাণিজ্যসহ সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আসবে।
সভায় স্থানীয় উন্নয়ন ও সেতুবন্ধন বিষয়টি প্রধান আলোচ্য বিষয় হিসেবে উঠে আসে। উপস্থিত জনসাধারণের মধ্যে নির্বাচনী উৎসাহ ছিল চোখে পড়ার মতো। তারা দীর্ঘদিনের জনদূর্ভোগ নিরসনে ব্রিজ নির্মাণের প্রতিশ্রুতির প্রতি আস্থা প্রকাশ করেন। বক্তারা বলেন, ডিসি রোডে সেতুবন্ধনের অভাব দীর্ঘদিন ধরেই মানুষের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে, যা নতুন ব্রিজ নির্মাণের মাধ্যমে স্থায়ীভাবে সমাধান সম্ভব।
এ সময় গণ অধিকার পরিষদের ফরিদপুর ইউনিয়ন শাখার পক্ষ থেকে বিএনপিকে পূর্ণাঙ্গ সমর্থনের ঘোষণা দেওয়া হয়। নেতৃবৃন্দ ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন।
নির্বাচনী সভাটি শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
এইচ এম রুহুল আমিন 



















