বাকেরগঞ্জ উপজেলার ৬নং ফরিদপুর ইউনিয়নে বিএনপির ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খানের পক্ষে মাঠে নেমেছেন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। পূর্ণ সমর্থন ঘোষণা করে তারা বাড়ি বাড়ি গিয়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন।
গণ অধিকার পরিষদের বরিশাল জেলা যুগ্ম সাধারণ সম্পাদক মো. সোহেল হাওলাদার, বাকেরগঞ্জ উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক মো. খাইরুল বিশ্বাস এবং ৬নং ফরিদপুর ইউনিয়নের সভাপতি মো. আল আমিনের নেতৃত্বে প্রায় ২০০ জন নেতা-কর্মী সম্প্রতি কাকরধা হাই স্কুল মাঠে আয়োজিত এক জনসভায় আনুষ্ঠানিকভাবে সমর্থন ঘোষণা করেন। এরপর থেকেই তারা ধানের শীষ প্রতীকের পক্ষে প্রচারণায় সক্রিয় রয়েছেন।
এ বিষয়ে গণ অধিকার পরিষদের নেতারা বলেন, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান স্বাধীনতা যুদ্ধে সাহসিকতার সঙ্গে অংশ নিয়ে দেশ ও জাতির জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। পাশাপাশি দীর্ঘদিন ধরে জনগণের অধিকার ও ন্যায্য দাবির পক্ষে তিনি সোচ্চার ভূমিকা পালন করে আসছেন। এসব বিবেচনায় তাকে বিজয়ী করতে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তারা।
নেতারা আরও বলেন, আসন্ন নির্বাচনে ধানের শীষের বিজয় জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের পথকে আরও সুদৃঢ় করবে।
এইচ এম রুহুল আমিন 



















