বরিশালের সোনারগাঁও টেক্সটাইল লিমিটেডে দুই শ্রমিককে বিনা নোটিশে চাকরিচ্যুত করার অভিযোগে টানা দ্বিতীয় দিনের মতো আন্দোলন করছেন কারখানাটির শ্রমিকরা। গত ১৫ জানুয়ারি রবিবার থেকে শুরু হওয়া এই আন্দোলন আজ দ্বিতীয় দিনে গড়িয়েছে।
শ্রমিকদের অভিযোগ, গত ১৬ ডিসেম্বর ২০২৫ মহান বিজয় দিবস উপলক্ষে সকালে ডিউটি শেষ হওয়ার কথা থাকলেও শ্রমিকরা কর্তৃপক্ষকে মৌখিকভাবে জানিয়ে সকাল ৭টায় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে কারখানার মাঠে দিনব্যাপী উৎসব অনুষ্ঠানের আয়োজন করা হয়। সন্ধ্যা পর্যন্ত গান, সাংস্কৃতিক আয়োজন ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।
এ ঘটনার পর টেক্সটাইল কর্তৃপক্ষ শ্রম অধিদপ্তরে লিখিত অভিযোগ দেয় এবং নিজস্বভাবে একটি তদন্ত কমিটি গঠন করে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে চারজন সিনিয়র শ্রমিকের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। এর মধ্যে সিনিয়র হেড ইলেকট্রিশিয়ান মোঃ মোশারফ হোসেন এবং ডিএস পদে কর্মরত খুকু মনির বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলা হয়।
পরবর্তীতে শ্রম অধিদপ্তরের হস্তক্ষেপে বিষয়টি মীমাংসা হয় বলে শ্রমিকরা জানান। সে সময় শ্রমিকদের কাছ থেকে আর কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না—এ মর্মে অঙ্গীকারনামায় স্বাক্ষর নেওয়া হয়।
তবে অভিযোগ রয়েছে, গত ১৪ জানুয়ারি শনিবার মৌখিকভাবে মোশারফ হোসেন ও খুকু মনিকে চাকরিচ্যুত করা হয়েছে জানিয়ে অফিসে আসতে নিষেধ করে কর্তৃপক্ষ। এর প্রতিবাদেই শ্রমিকরা আন্দোলনে নামেন।
আন্দোলনের সময় উপস্থিত ছিলেন বরিশাল জেলা বাসদের প্রধান সমন্বয়কারী ডা. মনীষা চক্রবর্তী। তিনি বলেন, অবৈধভাবে ১৬ ডিসেম্বর কারখানা খোলা রাখা হয়েছিল কেন এবং কোনো নোটিশ ছাড়াই শ্রমিক ছাঁটাই করা হলো কেন—এসব বিষয়ে জবাব দাবি করা হবে।
এদিকে অভিযুক্ত দুই শ্রমিক লিখিতভাবে ক্ষমা চাওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানা গেছে। আন্দোলন ঘিরে কারখানা এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন শ্রমিকরা।
আরিফুর রহমান সোহাগ 



















