বরিশালের বাকেরগঞ্জ উপজেলা-এ ২২ ফেব্রুয়ারী দিবাগত রাতে পৃথক পৃথক স্থানে চুরি ও ডাকাতির ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার অন্তত পাঁচটি ইউনিয়নে চুরি এবং একটি ইউনিয়নে ডাকাতির ঘটনা নিশ্চিত করেছেন আমাদের সংবাদদাতারা।
প্রাপ্ত তথ্যে জানা যায়, চরামদ্দি, দুধল, ফরিদপুর, কবাই ও কলসকাঠী ইউনিয়নের বিভিন্ন এলাকায় চুরির ঘটনা ঘটে। একই রাতে রঙ্গশ্রী ইউনিয়নের বোয়ালিয়া গ্রামে এক প্রবাসীর বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানিয়েছেন।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি, গভীর রাতে সংঘটিত এসব ঘটনায় নগদ অর্থ, স্বর্ণালঙ্কার ও মূল্যবান সামগ্রী লুট হয়েছে। তবে এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতির নির্দিষ্ট পরিমাণ জানা যায়নি।
এদিকে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত কোনো চুরি বা ডাকাতির ঘটনায় থানায় মামলা দায়ের হয়নি। এমনকি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য বা স্থানীয় জনপ্রতিনিধিদের কাউকে ঘটনাস্থল পরিদর্শনে দেখা যায়নি বলেও অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
একই রাতে একাধিক স্থানে চুরি ও ডাকাতির ঘটনায় এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন মহল।
স্টাফ রিপোর্টার 



















