বরিশাল-পটুয়াখালী মহাসড়কের নলছিটি জিরো পয়েন্ট এলাকায় আজ সকাল আনুমানিক ৮টার দিকে ভয়াবহ মুখোমুখি ট্রাক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই ট্রাকের চালকসহ অন্তত তিনজন আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ধান বোঝাই একটি ট্রাক এবং অপর একটি হুইলার বহনকারী ট্রাকের মধ্যে এ সংঘর্ষ ঘটে। রং সাইড থেকে আসা ঢাকা মেট্রো-১১-৫০৭৫ নম্বরের ট্রাকটি বিপরীত দিক থেকে আসা ঢাকা মেট্রো-২১-৯৪৪৩ নম্বরের ট্রাককে সরাসরি ধাক্কা দেয়। সংঘর্ষের ফলে উভয় যানবাহনের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
ঘটনার পরপরই স্থানীয় লোকজন দ্রুত আহত চালক ও হেলপারকে উদ্ধার করে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল-এ নিয়ে যান। সেখানে তাদের ভর্তি করা হয়েছে। আহতদের অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করার কাজ শুরু করে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি বলে পুলিশ সূত্রে জানা গেছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মোঃ আরিফুর রহমান সোহাগ 



















