পবিত্র মাহে রমজান উপলক্ষে বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী ইউনিয়নের উত্তর ঢাপরকাঠী গ্রামের ঐতিহ্যবাহী হাজী বাড়ির উদ্যোগে ২৭ ফেব্রুয়ারি প্রতিবছরের ন্যায় ঢাকায় এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব আব্দুল হক হাওলাদার এবং সঞ্চালনার দায়িত্ব পালন করেন মোঃ হান্নান হাজী।
অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন “গর্বের বাকেরগঞ্জ”-এর সভাপতি মোজাম্মেল হোসেন মোহন, মোঃ শামীম গাজী, মোঃ কবির মুন্সী, মোঃ শাহাদাৎ হোসেন সোহেল ও মোঃ সাজ্জাদ চৌধুরীসহ অনেকে।
বক্তারা পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে আত্মশুদ্ধি, সংযম ও মানবিক মূল্যবোধ চর্চার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং উত্তর ঢাপরকাঠী গ্রামকে মাদকমুক্ত করার জন্য সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
ইফতারের পূর্বে উত্তর ঢাপরকাঠী গ্রাম, দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালিত হয়।
ইফতার মাহফিলটি ধর্মীয় অনুশাসন ও পারস্পরিক ভ্রাতৃত্ববোধের মধ্য দিয়ে সুন্দরভাবে সম্পন্ন হয়।
মোঃ সোহেল রানা 



















